কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী!



 কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা। গতকাল রাজ্যপাল ইয়েদুরাপ্পাকে শপথ নিতে বলার পর শপথগ্রহণে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস এবং JD(S)। এরপর গভীর রাতে নজিরবিহীনভাবে শীর্ষ আদালতে চলে শুনানি। এরপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। আজ রাজভবনে শপথ নেন ইয়েদুরাপ্পা। তবে আগামীকাল বেলা সাড়ে দশটায় ফের এই মামলার শুনানি হবে।

বুধবার সন্ধেয় কর্নাটকের রাজ্যপাল বাজুভাই ভালা BJP-কে সরকার গড়ার জন্য ডাকেন। পাশাপাশি BJP-কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়। শপথে স্থগিতাদেশ এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়সীমা কমানোর আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস ও JD(S)। মামলার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে কথা বলে রাত দেড়টায় আদালতে আসেন বিচারপতি অর্জন কুমার সিক্রি, বিচারপতি শরদ অরবিন্দ বোবদে এবং বিচারপতি অভয় মনোহর সাপ্রে। তিন বিচারপতির বেঞ্চে রাত দু'টো পর্যন্ত চলে শুনানি। কংগ্রেসের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। কেন্দ্রীয় সরকার ও রাজ্যপালের হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনেরাল তুষার মেটা। শুনানি শেষে সুপ্রিম কোর্ট শপথগ্রহণে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে।

সরকার গঠনের দাবি জানিয়ে ইয়েদুরাপ্পা রাজ্যপালকে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির কপি শীর্ষ আদালতে জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, কর্নাটকের ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ২২২টি-তে ভোটগ্রহণ হয় ১২ মে। ১৫ মে ফলঘোষণা হয়। ১০৪টি আসন পায় BJP। কংগ্রেস ও JD(S) পায় যথাক্রমে ৭৮ ও ৩৮টি আসন। ত্রিশঙ্কু হওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয় জটিলতা। এর মধ্যে BJP-র বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ আনে কংগ্রেস ও JD(S)। গতকাল রাজ্যপাল ইয়েদুরাপ্পাকে শপথ নিতে ডাকার পরই দিল্লির কংগ্রেস নেতারা এনিয়ে প্রশ্ন তোলেন। 

No comments:

Post a Comment

Post Top Ad