কেপটাউনে শেষ টি২০ ম্যাচে ভুবনেশ্বর কুমারের শেষ বল রোহিত শর্মার তালুবন্দী হতেই তৈরী হল নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকা থেকে এই প্রথমবার একদিবসীয় এবং টি২০ সিরিজ জিতে দেশে ফিরল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত।
বর্তমান ক্রিকেটে অন্য উচ্চতায় উঠে যাওয়া ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল দক্ষিণ আফ্রিকা সফর। শুরুতে টেস্ট সিরিজে কিছুটা হলেও বিপাকে পড়তে হয় ভারতকে। তবে সিরিজ হারলেও শেষ টেস্ট ম্যাচে দুরন্তভাবে ফিরে আসে তারা। এরপর ওয়ানডে সিরিজে আধিপত্য দেখিয়ে তা পকেটে পুরে নেয় ভারত। ৫-১ ব্যবধানে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরী করে তারা। ৬ ম্যাচের সিরিজে একাধিক রেকর্ড করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
টি২০ সিরিজ শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলেও দুরন্ত ভাবে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচ তাই ছিল দুই দলের কাছে সম্মানের লড়াই যেখানে বিরাটকে ছাড়াই মাঠে নামতে হয় ভারতকে। অধিনায়কের দায়িত্ব সামলানো রোহিত শর্মা যথারীতি ভালো শুরু করে ফের ব্যর্থ। লড়াই দিলেন সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ধোনি, পান্ডিয়া। ভারতের স্কোর ১৭২। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তে কিছুটা ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা। তবে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ক্যাপ্টেন ডুমিনি। শেষ বেলায় জয়ের স্বপ্ন দেখান অভিষেকে নামা জোঙ্কার।কিন্তু ডেথ ওভারে ভারতকে বৈতরণী পার করলেন বহু যুদ্ধের নায়ক ভুবনেশ্বর কুমার। তার আঁটোসাটো বোলিংয়ে ১৬৫ তে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। ৭ রানের রুদ্ধশ্বাস জয় ভারতের।
এদিন ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সুরেশ রায়না। সিরিজ সেরা ভুবনেশ্বর কুমার।

No comments:
Post a Comment