যে ফুলটি এক সময় পতিত জমিতে বা গ্রামীন রাস্তার ধারে দেখা যেত। সেই ফুলটি চাষ করে লাভের মুখ দেখছেন ফুল চাষিরা। বাঙালির বারো মাসে তেরো পার্বনে সারা বছর লেগে থাকে কোনো না কোনো পূজো, ফলে সব ফুলের চাহিদা থাকে বাজারে । আকন্দ ফুল এমন একটি ফুল যা একবার চাষ করে বছরের পর বছর ফলন তুলতে পারেন কৃষকরা। এই খুব কম খরচে চাষ করা যায়। গাইঘাটা ব্লকের পাঁচপোতা গ্রামের কৃষক, কুমার সরকার প্রায় ৫০ বিঘা জমিতে আকন্দ ফুলের চাষ করেন। এখন অবশ্য কুমার সরকারের দেখাদেখি বিজয় চাকি, স্বরজিৎ ঘোষ সহ অনেক কৃষক এই ফুলের চাষ করছেন। এক বিঘা জমি চাষ করতে খরচ হয় বছরে ১০ হাজার টাকা। সারা বছর দৈনিক ফুল তুলে বিক্রি করা যায়। সপ্তাহে সোম, শুক্র, রবি ছাড়াও নীলপূজো, চৈত্র মাস ও শ্রাবন মাস ভালো বাজার দর থাকে। আকন্দ ফুল চাষে যেমন কৃষকরা পয়সা পান তেমনি যারা ফুলের মালা তৈরি করেন তারা ভালো টাকা রোজগার করেন। আকন্দ ফুল চাষ করে জেলা উদ্যান পালন দপ্তরে আবেদন করলে সরকারি অনুদান পাওয়া যাবে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা উদ্যান পালন দপ্তরের উপ কৃষি অধিকর্তা ঋষিকেষ খাঁড়া।
উদ্যান পালন দপ্তর সুত্রে জানা গেছে উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ৩০০ বিঘা জমিতে আকন্দ ফুলের চাষ হয়। এর মধ্যে গাইঘাটা ব্লকে চাষ হয় ২০০ বিঘা। সব মিলিয়ে গাইঘাটা ব্লকের আকন্দ ফুল এবার জেলার গণ্ডী ছাড়িয়ে পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

No comments:
Post a Comment