কমনওয়েলথ গেমসে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারতীয় পুরুষ হকি দল। আজ ২-১ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারায় ভারত। দেশের হয়ে ২টি গোলই করেন হরমনপ্রিত সিং। এই ফ্লিক স্পেশালিস্টের হাত ধরেই শেষ চারে ওঠা পাকা করে নেয় ভারত।
ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় পেনাল্টি কর্নারে গোল দেয় ভারত। ১৬ মিনিটের মাথায় সমতা ফেরায় মালয়েশিয়া। ফৈজ়াল সারির গোলে ম্যাচে ফেরে তারা। এরপর কিছুক্ষণ ম্যাচের রাশ ধরে রাখে মালয়েশিয়া। ১৮ মিনিটের মাথায় ম্যাচ লিড করার ফের একটা সুযোগ তৈরি হয় ভারতের। যদিও বরুণ কুমার পেনাল্টি মিস করায় সেই সুযোগ হাতছাড়া হয়।
তবে বেশিক্ষণের জন্য আফসোস করতে হয়নি ভারতীয় দর্শকদের। ৪৪ মিনিটের মাথায় পরের পেনাল্টিতেই গোল করে মেন ইন ব্লু-র লিড নিশ্চিত করেন হরমনপ্রিত।
এদিকে এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে ভারতীয় দলের পয়েন্ট পৌঁছাল সাতে। মালয়েশিয়া এবং পাকিস্তানের রয়েছে তিন করে পয়েন্ট। পরের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করলেই গ্রুপ B-তে শীর্ষ স্থান দখল করে ফেলবে ভারত।
এই মুহূর্তে কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে মেডেল সংখ্যা ১৯। ১০টি সোনা, ৪টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ।

No comments:
Post a Comment