আবারও বলিউডে স্বজনপোষণের অভিযোগ। এবার অভিযোগ তুললেন তাপসী পান্নু। বললেন, তিনি ‘অমুক’ বা ‘তমুক’-এর কন্যা নন বলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই একটা কারণে তার হাত থেকে ছবি বেরিয়ে গিয়েছে এমন ঘটনাও ঘটেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসী পান্নুর ছবি ‘সুরমা’। মুক্তির অপেক্ষায় ‘মুলক’। আর এই দু’টি ছবিতেই অন্যরকম চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, তার হাত থেকে অনেক ছবি চলে গিয়েছে। তবে এর জন্য তিনি দায়ী নন। কেউ বলেনি, তিনি পারবেন না বলে তাকে চরিত্রটি করতে দেওয়া হল না বরং ফিল্ম ইন্ডাস্ট্রির স্বজনপোষণের জন্যই হাত ফাঁকা হয়ে গিয়েছিল তাপসীর। তিনি কোনও বিখ্যাত ব্যক্তির মেয়ে বা বোন নন। তারই খেসারৎ দিতে হয় তাকে।
অতীতে এই একটাই কারণে অনেক অফার তার হাত থেকে চলে গিয়েছে। কিন্তু তাপসী চান না তার সঙ্গে আর এই ধরনের ঘটনা ঘটুক। তিনি আর ‘রিপ্লেসেবল নেম’ হতে চান না। তিনি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে এমন কোনও ঘটনাই তার সঙ্গে ঘটবে না। তাকে অভিনেত্রী হিসেবে মর্যাদা দেওয়া হবে।
ইন্ডাস্ট্রি তাকে বলবে, তুমিই একমাত্র এই কাজটি করতে পারবে।
স্বজনপোষণ নিয়ে এর আগেও সরব হয়েছেন তাপসী পান্নু। পিংক ছবির পর স্বজনপোষণ নিয়ে একটি টুইটও করেন তিনি। লেখেন, শেষমেশ তিনি স্বজনপোষণের মানে জেনেই গেলেন। এবার তাকে শিখতে হবে কীভাবে এই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হবে।
তাপসীর আগে কঙ্গনা রানাওয়াত স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছিলেন। করণ জোহরকে তিনি বলেছিলেন, ‘স্বজনপোষণের পতাকা বহনকারী’। ‘কফি উইথ করণ’ শোয়েই এমন অভিযোগ তোলেন কঙ্গনা।

No comments:
Post a Comment