চাঁদনী ,পশ্চিম মেদিনীপুর: অসামাজিক কাজের প্রতিবাদ করায় এবার রোষের মুখে সাংবাদিক ও তার পরিবার ।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ।
সূত্রের খবর, একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার ঋকসুন্দর শাসমলের বাড়িতে শুক্রবার রাত দুটো নাগাদ হামলা চালায় এলাকারই মদ্যপ যুবক। ঘটনার সময় বাড়ি ছিলেন না সাংবাদিক। সাংবাদিকের বাড়িতে সে সময় ছিলেন বৃদ্ধা মা ও দিদি। মাঝরাতে গন্ডগোলে আশেপাশের লোক জেগে যাওয়ায় হুড়মুড়িয়ে পালায় দুষ্কৃতীর দল। কিন্তু হয়রানির শেষ এখানেই নয় । শনিবার দুপুর দুটো নাগাদ সদলবলে হাজির হয় মদ্যপ দুই যুবক । ফের হামলা চালায় তারা। এবার ভেঙে যায় বাড়ির কাচ সহ বেশ কিছুটা অংশ । ঘটনার পরই পরিবারের তরফ থেকে দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
প্রসঙ্গত, এলাকায় কিছুদিন ধরেই সন্ধে হলেই চলত দেদার মদের আড্ডা সেই সঙ্গে উত্ত্যক্ত করা হতো গ্রামবাসীদের।এরই প্রতিবাদ করে সাংবাদিকের পরিবার। আর এতেই ক্ষেপে গিয়ে হামলা চালায় দুষ্কৃতীর দল ।ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ।দাসপুর থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। চাপের মুখে পড়ে অবশেষে পুলিশ বাড়ির সামনে পাহারার ব্যবস্থা করেছে । ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে । খবর পেয়েই তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি টেলিফোনে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন । সেইসঙ্গে থানায় ফোন করে গোটা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন । প্রতিবাদীদের আক্রান্ত হওয়ার নজির পশ্চিমবঙ্গে নেহাত কম নয় । এবার সেই তালিকায় জুড়লো সাংবাদিকের পরিবারের নাম । তালিকাটা আর কতটা বাড়ে সেটাই এখন দেখার বিষয় ।

No comments:
Post a Comment