রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক কর্মীকে খুনের অভিযোগে রণক্ষেত্র কেরলের মালাপ্পুরম জেলা। পুলিশ জানিয়েছে, ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার বিপিন নামে ওই আরএসএস কর্মীর নিথর দেহ রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়। মৃতের দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন মিলেছে। এই বিপিন ও তার দলবলের বিরুদ্ধেই প্রায় ৮ মাস আগে ফয়জল পুল্লানিকে (৩১) খুনের অভিযোগ উঠেছিল। অভিযোগ, ফয়জল ইসলাম ধর্ম গ্রহণ করায় তাঁকে হত্যা করা হয়। ফয়জলের পরিবারের আট সদস্যও ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফয়জল কর্মসূত্রে থাকতেন সৌদিতে। গতবছরের ১৯ নভেম্বর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপরেই তাঁকে হত্যার অভিযোগে পরিবারেরই এক সদস্য-সহ ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, মূল অভিযুক্ত বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য।
এই মুহূর্তে পরিস্থিতি এমনই অগ্নিগর্ভ যে কোড়িনজি এলাকায় অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করতে হয়েছে। কেরল আরএসএসের অভিযোগ, বামেরাই বেছে বেছে আরএসএস কর্মীদের হত্যা করছে। সংগঠনের দাবি, গত মাসেও এক আরএসএস কর্মীকে হত্যা করে তাঁর হাত কেটে নেয় বাম কর্মী-সমর্থকরা। যদিও বামেরা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আরএসএস রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করছে। অভিযোগ-পালটা অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে কেরল কার্যত বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে।

No comments:
Post a Comment