খাদ্যমন্ত্রীর তৎপরতায় উদ্ধার হল সল্টলেকে অপহৃত সিভিক ভলেন্টিয়ার। সিগন্যাল ভাঙার অপরাধে এক ক্যাব চালকের কাছে কাগজপত্র চাইতে গেলেই ঘটে বিপত্তি। সিভিক ভলেন্টিয়ারকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় ক্যাব চালক। কিন্তু সে সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ক্যাবের ভাবগতিক দেখে সন্দেহ হওয়ায় গাড়িটির পিছু নেয় তাঁর গাড়ি। মা ফ্লাইওভারে গাড়িটিকে দাঁড় করিয়ে উদ্ধার করা হয় সিভিক ভলেন্টিয়ারকে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সুকান্তনগর এলাকায় ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার সুনীল দত্ত। সেই সময় একটি গাড়ি সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে বেড়িয়ে যায়। গাড়িটিকে ধরার জন্য সুনীল একটি অটো করে পিছনে ধাওয়া করে। কিছুদূর গিয়েই গাড়িটিকে ধরে ফেলে সুনীল এবং ক্যাব চালক অফসার হোসেনের কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চান। কিন্তু তা না দেখিয়ে হোসেন গাড়িতে বসতে বলেন সুনীলকে এবং জানায় সুকান্তনগরে গিয়ে দেখাচ্ছে। সুনীলও উঠে যায় গাড়িতে। কিন্তু গাড়ি সুকান্তনগরের দিকে না গিয়ে ইতস্তত ঘুরতে থাকে এবং শেষে বাইপাসে গিয়ে ওঠে। ততক্ষণে সুনীল ওয়াকিটকির সাহায্যে বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। সেই সময়, ওই এলাকা দিয়ে খাদ্যভবনের দিকে যাচ্ছিল খাদ্যমন্ত্রীর গাড়ি ও তাঁর পাইলট কার। পাইলট কারের ওয়াকিটকিতে ধরা পড়ে সুনীলের কথা। মন্ত্রী তখন সামনের গাড়িতে সিভিক ভলান্টিয়ারকে ওয়াকিটকিতে কথা বলতে দেখেন। মন্ত্রী পুলিশকে বলেন গাড়িটি আটকানোর জন্য। পুলিশ গিয়ে মা ফ্লাইওভারে গাড়িটিকে আটকায় এবং সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে।
উদ্ধারের পর গোটা ঘটনার বিবরণ দেন সুনীল। চালক অফসার হোসেনকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।

No comments:
Post a Comment