“ওরা যে টেকনিকে পৌরসভা ভোট করেছে, সেই টেকনিক আমরা দেখে ফেলেছি। তাই আমরাও এবার সেই টেকনিকে ভোট করব।” আজ হাসনাবাদের ফেরিঘাটে দলীয় এক সভায় এসে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে একথা বলেন বিজেপি নেতা জয় ব্যানার্জি।
তিনি বলেন, “বড় ফুটবল দলের খেলার রেকর্ডিং দেখে অন্য দলগুলি। যাতে তাদের প্রতিরোধ করা যায়। ঠিক তেমনই ওদের পৌরভোটের রেকর্ডিং আমরা দেখেছি। ঠিক ওদের মতো করেই ওদেরকে আটকাব। মার খেতে খেতে আমাদের চোওয়াল শক্ত হয়ে গেছে। সেই কারণে এবার যদি আমাদের মারতে আসে প্রথমে প্রতিরোধ করব, তারপর আমরাও মারব।”
তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “রোহিঙ্গাদের নিয়ে তিনি চোখের জল ফেলছেন। কিন্তু, আমাদের রাজ্যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর চোখে জল নেই। আমার মনে হয়, রোহিঙ্গারা যাঁরা আমাদের দেশে আসছেন, তাঁদের দিয়ে এবার পঞ্চায়েত ভোটটা করাবেন।”
আজ সভায় যোগ দিতে এসে কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তার পাশেই চায়ের দোকানে দাঁড়িয়ে তিনি চা খান। সভায় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাটে দলের সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ সিং সহ অন্যরা।

No comments:
Post a Comment