বিষ্ণুপুর থানার অন্তর্গত খরিবেড়িয়া এলাকার স্থানীয়রা আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গণপিটুনি দিয়ে তুলে দেয় পুলিশের হাতে । ওই এলাকার এক ব্যক্তির সাথে মোটরসাইকেল রাখা নিয়ে সোমবার সন্ধ্যায় ঝামেলা হয় কয়েকজন যুবকের । সেই সময় তারা চলে গেলেও পরে রাতের দিকে স্বমূর্তি ধারণ করে তারা ফিরে আসে । শুরু হয় পিস্তল , ধারালো অস্ত্র উঁচিয়ে তাণ্ডবলীলা । তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এই দুষ্কৃতী তান্ডবে । এরপর চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার মানুষ জন । ঐ দুষ্কৃতীদের ঘিরে ফেলে এলাকাবাসীরা । দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার জন্য শূন্যে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এলাকার মানুষজনের ।
বাকিরা রাতের অন্ধকারে মোটরসাইকেল ফেলে পালাতে সক্ষম হলেও রণজিৎ হালদার নামে এক দুষ্কৃতীকে পিস্তল ও ভোজালি সহ হাতেনাতে ধরে ফেলে লোকজন । এরপর চলে গণপিটুনি । ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছালে আরো ক্ষোভ বাড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে । একদিকে পুলিশের সামনেই যেমন চলে গণপিটুনি অন্যদিকে পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের গ্রেফতারের দাবীতে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ । দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর অবশেষে ওই দুষ্কৃতীর ক্ষুব্ধ মানুষজনের মধ্যে থেকে উদ্ধার করে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ ।


No comments:
Post a Comment