এখনও তিনি কংগ্রেসের বিধায়ক। তবু বিজেপি-র জোড়া রাজ্য জয়ের মিছিলে শামিল হয়েছেন, নেচেছেন, স্লোগানও দিয়েছেন। এত সব দেখেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারছে না কংগ্রেস। ত্রিপুরার মোহনপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ তাঁর নির্বাচনী ক্ষেত্রে বিজেপি-র বিজয় মিছিলে শামিল হয়ে নাচলেন। নরেন্দ্র মোদীর পক্ষে অনুগামীদের নিয়ে স্লোগানও দিলেন। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে রতনলাল নাথ বলেন, \”দেশে এমন সরকারের আরও আগেই আসা প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যে দিশায় নিয়ে যাচ্ছেন, তা-ই হচ্ছে জগতসভায় ভারতের শ্রেষ্ঠ আসন লাভের পথ। তাই দল ও মতের ঊর্ধ্বে উঠে নরেন্দ্র মোদীকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছি।\”
বিজেপিতে কবে যোগ দিচ্ছেন, প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময়ই সব বলবে। সমর্থকরা যা চাইবেন তা-ই তিনি করবেন। সমাজের কল্যাণসাধনে জনপ্রতিনিধি হিসেবে যা করা প্রয়োজন তা-ই করবেন, জানান কংগ্রেস বিধায়ক।
উল্লেখ করা যেতে পারে, বিধানসভায় বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের পক্ষে সওয়াল করায় আরও আগেই কংগ্রেসের নেতৃত্ব এই প্রবীণ বিধায়ককে কারণ-দর্শানোর নোটিশ দিয়েছিল। কিন্তু তিনি তাঁর জবাব দেননি। আর কংগ্রেস তাঁকে বহিষ্কার করেননি। ফলে এখনও তিনি কংগ্রেস বিধায়ক হিসাবেই আছেন।

No comments:
Post a Comment