ইমপ্যাক্ট অব গ্লোবালাইজেশন অ্যান্ড টেকনোলজি ইন দ্য টিচিং ইন দ্য স্কুলস শিরোনামে গত ২৮ জানুয়ারি আওরঙ্গাবাদে অনুষ্ঠিত হয়ে গেল এক জাতীয় সেমিনার। আওরঙ্গাবাদ বি এড কলেজ ও পি টি টি আই -এর পরিচালনায় জাতীয় পর্যায়ের এই সেমিনারটিতে বিএড,এমএড ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের খ্যাতনামা শিক্ষাবিদদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অতিথি বক্তা ও শিক্ষার্থীদের মতবিনিময়ের মধ্য দিয়ে বর্তমান শিক্ষাপদ্ধতি, তার প্রগতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্বন্ধে নানান অভিমত উঠে আসে। স্কুল শিক্ষায় বিশ্বায়িত প্রযুক্তি ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যমে সেমিনারটির শুভ সূচনা করেন ডব্লুবিইউটিটিইপিএ-এর উপাচার্য মিতা ব্যানার্জী, অধ্যাপক ড. গৌতম পাল, ড. জি সি ভট্টাচার্য, ড. জয়ন্ত মেটে প্রমুখ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার অধ্যাপক ও বিজ্ঞানী গৌতম পাল সেমিনারে অপূর্ব বক্তৃত্য রাখেন।
কলেজের প্রধান পৃষ্ঠপোষক শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন বাংলার শিক্ষা প্রগতি নিয়ে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সহ-অধিকর্তা ফারুক আহমেদ। কবি ও উদার আকাশ সম্পাদক ফারুক আহমেদ বর্তমান শিক্ষার গুণগত মানের জোরদার করার কথা বলেন। তাঁর তারুণ্যভরা বক্তব্য উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ফেলে দেয়। তিনি দেশের বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা তুলে ধরেন। বিশিষ্টদের মধ্যে বিশ্বভারতী, উৎকল, কল্যাণী প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই সেমিনারে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জাতীয় সেমিনার সমাপ্তি হয়। সমগ্র আয়োজন সফল করতে কলেজের কর্মকতা দীপক দাস বিশেষ ভূমিকা পালন করেন। দীপক দাসের বক্তব্য সকলের নজর কাটে।

No comments:
Post a Comment