গ্রামের রাস্তা দিয়ে বালি বোঝাই লরি যাতায়াত নিয়ে বালি মাফিয়াদের সাথে গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ভাঙচুর দুটি লরি। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চিতলঘাটা গ্রামে। মহানন্দা নদীর চর এলাকার আদ্রাগুড়ি ও চিতলঘাটা গ্রামে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
চোপড়ার মহানন্দা নদীর চর থেকে বালি তুলে সেই বালি দশচাকা লরি বোঝাই করে আদ্রাগুড়ি গ্রামের ভেতর দিয়ে প্রধানমন্ত্রী গ্রামীন সড়কের উপর দিয়ে চলাচল করায় ভেঙে পড়ছে রাস্তা। এরই প্রতিবাদ করে ওই রাস্তা দিয়ে বালি বোঝাই লড়ি যাতায়াত বন্ধ করে দেন আদ্রাগুড়ির বাসিন্দারা। কিন্তু শনিবার দুটি বালি বোঝাই লড়ি আদ্রাগুড়ি গ্রামের রাস্তা দিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা লড়িদুটি আটকে তা ভাঙচুর করে। ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। এরপর পুলিশ লরি দুটিকে থানায় নিয়ে আসার জন্য চালককে বলে আসলেও চালকরা থানায় না নিয়ে গিয়ে সেখানেই রেখে দেয়।রবিবার সকালে চিতলঘাটার বাসিন্দারা ওই রাস্তা দিয়ে চলাচল করতে না দেওয়ার জন্য ক্ষোভে ফেটে পরেন। সোনাপুর গ্রামপঞ্চায়েত প্রধান ঘটনার খবর পেয়ে সেখানে আসলে তার বোলেরো গাড়িটি ভাঙচুর করার পাশাপাশি আরও বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর চালায় উত্তেজিত চিতলঘাটার বাসিন্দারা। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আবার ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা ও সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জও করে। পুলিশ দুপক্ষের মোট ১১ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

No comments:
Post a Comment