জয়ন্ত সাহা, আসানসোল: প্রায় ৫০০ জিলেটিন স্টিক সহ ধরা পড়ল দুই যুবক। রানিগঞ্জে নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে ওই দুই ব্যক্তি।শুক্রবার রাতে বাঁকুড়ার মেজিয়া থেকে রানিগঞ্জের উদ্দেশে আসা একটি প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার এই বিস্ফোরক।সাহেবগঞ্জ এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল রানিগঞ্জ থানার পুলিশ। সন্দেহের জেরে ওই গাড়িকে পুলিশ আটকায়। গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই যুবক। এরপর পুলিশের টহলদারি ভ্যান তাড়া করে গাড়িটিকে ধরে ফেলে। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হয় গাড়ি থেকে। পুলিশ গাড়ি সহ দু’জনকে আটক করেছে। যুবকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ।
কোথা থেকে এই জিলেটিন স্টিক এসেছে এবং তা কোথায় পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। অনুমান, কোনও খনি থেকে বেআইনি পথে এই জিলেটিন স্টিক বের করা হয়েছে। পুলিশের আশঙ্কা কোনও নাশকতার কাজের জন্য এই স্টিকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। সেক্ষেত্রে বাঁকুড়া হয়ে পুরুলিয়ার রাস্তা ধরে ঝাড়খণ্ডে পাচারের উদ্দেশ্যেও নিয়ে যাওয়া হতে পারে এই বিস্ফোরকগুলো।



No comments:
Post a Comment