জয়ন্ত সাহা, আসানসোল: স্বচ্ছ ভারতের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যের প্রথম ভ্রাম্যমান বায়ো টয়লেট চালু করেছিলেন আসানসোলে। লক্ষ্য ছিল শহর ও লাগোয়া এলাকার স্বচ্ছতার লক্ষ্যে পাড়ায়, পাড়ায় ঘুরবে এই গাড়ি। এখন কার্যত তা অব্যহৃত অবস্থায় পড়ে রয়েছে আসানসোলের একটি গুরুদুয়ারার মাঠে। বাবুলের সভাতে যাওয়া ছাড়া কাজ নেই আর ওই বায়ো টয়লেটের। মোদীর স্বচ্ছ ভারত মিশনের আওতায় দুটি ভ্রাম্যমান বায়ো টয়লেটের গাড়ি ঘটা করে উদ্বোধন করেছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। খোলামাঠে শৌচকর্ম রুখতে আসানসোলের বস্তি এলাকায় বা গ্রামে গ্রামে গিয়ে ওই গাড়ি দুটি প্রতিদিন ঘোরার প্রতিশ্রুতি দিয়ে প্রকল্পটির সেই সময় উদ্বোধন করেছিলেন আসানসোলের সাংসদ।
২০১৫ সালের ২৮শে আগস্ট কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী থাকাকালীন বাবুল সুপ্রিয় আসানসোলের সাতটি স্কুলে ৪৮ টি বায়ো টয়লেট ও দুটি ভ্রাম্যমান বায়ো টয়লেটের শুভ সূচনা করেছিলেন। প্রকল্পটি রাজ্যের মধ্যে প্রথম উদ্বোধন হয় আসানসোলে। কেন্দ্রীয় সরকারের সিএসআর প্রোজেক্ট স্কিমে এনবিসি সার্ভিস প্রযুক্তিতে বায়োটয়লেট দুটি রূপায়িত। ভ্রাম্যমান টয়লেট গাড়িতে রয়েছে দশটি কক্ষ। দুটি গাড়ি মিলে মোট কুড়িটি বায়োটয়লেট ছিল রাস্তায় রাস্তায় ঘোরার জন্য। কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন মন্ত্রক থেকে মোট ৬ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়ছিল টয়লেটগুলি।
বাবুল সুপ্রিয় সেই প্রকল্পে বক্তব্য রাখতে গিয়ে মোদীর স্বচ্ছ মিশনের আওতায় আসানসোলকে পরিচ্ছন্ন ও সুন্দর গড়ে তোলার ডাক দিয়েছিলেন। আসানসোলবাসীর অভিযোগ সাংসদের ওই ভ্রাম্যমান টয়লেট দুটি তাঁরা একবাবের জন্যও মাঠে ঘাটে রাস্তায় দেখেননি। কোনও বস্তি এলাকাতেও নিয়ে যাওয়া হয়নি গাড়ি দুটিকে। আসানসোলবাসীর কটাক্ষ শৌচ আর স্বচ্ছতার মধ্যে বিস্তর ফারাক থেকে গেছে কেন্দ্রীয় এই প্রকল্পের। তাই গাড়ি দুটি উদ্বোধন হলেও তার পরিচালন নিয়ে কোনও পরিকল্পনাই হয়নি।
আসানসোল বিজেপি মুখপাত্র প্রশান্ত চক্রবর্তী বলেন, "এখন জায়গা ও জলের সমস্যা রয়েছে। রাজ্যের সহযোগিতা মেলে না। গুরুদুয়ারার মাঠেই থাকে। গুরুদুয়ারা কমিটির সঙ্গে যোগাযোগ করলে তারা পাঠায়। বিজেপির অভিযোগ, সাংসদকে স্থানীয় প্রশাসন সহযোগিতা না করায় বাধা পাচ্ছে প্রকল্প। আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন," বাবুল যেমন ডুমুরের ফুল তাঁর প্রকল্পগুলিও তাই। আসানসোলকে গ্রীন ক্লিন গড়ে তুলতে পুরনিগমের অনেক উদ্যোগ রয়েছে। সাংসদের কোনও ভূমিকাই নেই৷"


No comments:
Post a Comment