খালেদা জিয়াকে ছাড়া কোনোভাবেই নির্বাচন নয়: নির্বাচনে যেতে বিএনপি'র চার শর্ত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 March 2018

খালেদা জিয়াকে ছাড়া কোনোভাবেই নির্বাচন নয়: নির্বাচনে যেতে বিএনপি'র চার শর্ত




বাংলাদেশে খালেদা জিয়া ছাড়া  কোনো নির্বাচন ‘হতে দেওয়া হবে না’ - এমন  ঘোষণা  পুনর্ব্যক্ত করে বিএনপি   নির্বাচনে যেতে চারটি শর্ত দিয়েছে। শর্ত চারটি হচ্ছে-নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া, নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর মধ্যে  শেষের  তিনটি দাবী  পুরনো দাবী।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবীর কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন নেতার বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের কথায় মনে হচ্ছে তাদের মাস্টারপ্ল্যান চূড়ান্ত। কীভাবে আরেকটি ভোটারবিহীন নির্বাচন মঞ্চস্থ করা যায় সেই চক্রান্তমূলক আয়োজনে তারা ব্যস্ত রয়েছেন।’

খালেদা জিয়াকে সাজা দিয়ে ‘কারাবন্দি করে রাখা’ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া সেই মাস্টারপ্ল্যানেরই অংশ বলে মন্তব্য করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘পিঠা ভাগের মতো সংসদীয় আসনের সিংহভাগ আওয়ামী লীগ নিজেদের কব্জায় রেখে বাকি স্বল্পসংখ্যক আসন অন্যদলকে ভাগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। এটাই নির্বাচনহীন একদলীয় শাসনের নমুনা। ওবায়দুল কাদেরের কথায় তারই আলামত পাওয়া যাচ্ছে’।

‘যতই ষড়যন্ত্র করেন না কেন, যতই ভাগাভাগি করেন না কেন, বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন এদেশের জনগণ হতে দেবে না। ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একতরফা নির্বাচন আর এদেশে করতে দেওয়া হবে না।

রুহুল কবির রিজভী  বলেন ,   নির্বাচন নিয়ে ছিনিমিনি খেললে কাঁটাতারের বেড়া নয় চীনের প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়ে তোলা হবে’।

একই রকম দৃঢ়তা ব্যক্ত করে  বিশ দলীয়  জোটের শরিক  ডেমোক্রাটিক  লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন  আহমেদ মনি রেডিও তেহরানকে বলেন,  সরকার  জনগণকে এবং আন্তর্জাতিক মহলকে  চোখে ধুলো দিয়ে  আবরো একটি  পাতানো  নির্বাচন করতে পারবে না।

ওদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকলে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ- জনগণের মাঝে এমন ধারনা থাকলেও তা মানতে নারাজ ক্ষমতাসীন দল।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতাকে  উদ্ধৃত করে  আজ  ঢাকার একটি অনলাইন পত্রিকা বলেছে, বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এক্তিয়ারভুক্ত হলেও এখন আওয়ামী লীগ চাচ্ছে খালেদা জিয়া কারাগারেই থাক। খালেদা জিয়া নির্বাচন পর্যন্ত আটক থাকলে ক্ষমতাসীনদের জন্য তা সুফল বয়ে আনবে। দলটির নেতারা বলছেন, খালেদা জিয়া কারাগারে থাকলে কোনও ক্ষতি হবে না, বরং তিনি বের হয়ে এলে তারা  ক্ষতিগ্রস্ত হবেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/নাসির মাহমুদ/১৮

No comments:

Post a Comment

Post Top Ad