জয়ন্ত সাহা, আসানসোলঃ দীর্ঘ ২৯দিন ধরে রিলে অনশন ও অবস্থান বিক্ষোভে রয়েছে কে এন ইউ এর ছয়জন অস্থায়ী সাফাই কর্মী৷তাদের দাবি অবিলম্বে চুক্তি পুনরনবিকরনের মাধ্যমে ওই অস্থায়ী কর্মীদের কাজ ফিরিয়ে দিতে হবে এবং তাদের নূন্যতম বেতন বৃদ্ধি ঘটাতে হবে৷তবে এ কথায় কর্ণপাত না করে বিশ্ববিদ্যালয় পুরসভার সহযোগীতায় সাফাই কাজ চালাতে থাকলে ওই ছয় সাফাই কর্মী প্রতিবাদ স্বরূপ বিনা পারিশ্রমিককে কাজ করতে শুরু করে৷
তবে এতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধা প্রদান করায় তারা বিশ্ববিদ্যালয়ের গেটে মঞ্চ করে রিলে অনশন ও অবস্থান বিক্ষোভ শুরু করে৷শেষে রিলে অনশনের ২৯দিনের মাথায় তৃণমূলের ঠিকা শ্রমিক চুক্তিবদ্ধ কর্মচারী ও দলিত সংহতি মঞ্চের ছাতার তলায় প্রায় হাজারের অধিক মানুষের সমাবেশে কে এন ইউ এর গেটে বুধবার সকালে এক অভিনব বিক্ষোভ আছড়ে পড়ে৷
থালা বাটি বাজিয়ে ওই অস্থায়ী শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে সমবেত হয় দলিত ও সংখ্যালঘু গণমঞ্চ,ও বাউরি সমাজ উন্নয়ন সমিতি৷এদিকে এই অবস্থান বিক্ষোভ সমাবেশ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলার কলকাতার উদ্দেশ্যে রওনা হন বলে খবর৷পাশাপাশি এদিনের বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটির বৈঠকে চুক্তিবদ্ধ শ্রমিকদের সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেন অভিজিৎ ঘটক৷তবে অবস্থান বিক্ষোভের কারনে এনএইচ২ সংলগ্ন কাল্লা-দোমোহানি রোডে ঘন্টা খানেকের জন্যে তীব্র যানজটের সৃষ্টি হয়৷বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়,আগামী বৃহস্পতিবার সকাল থেকে অস্থায়ী ছয় সাফাই কর্মী তাদের কাজে পুনরবহাল হয়ে কাজ শুরু করবে৷পাশাপাশি তাদের বেতন নূন্যতম ওয়েজেস অনুযায়ী করা হবে৷



No comments:
Post a Comment