মদের আসরে মাথা থেঁতলে খুন করা হল এক রিক্সাচালককে। নাম দেবব্রত সরকার, বয়স ৪১।শুক্রবার সকালে খড়দা থানার ব্যারাকপুর-কল্যাণী হাইওয়ে সংলগ্ন রুইয়া অঞ্চলের একটি চায়ের দোকান থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
দেবব্রতর বাড়ি রুইয়ার ৫৬ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পেশায় রিক্সাচালক। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতে ওই চায়ের দোকানে বসে মদ খেতেন দেবব্রত। বৃহস্পতিবার সন্ধের পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। রাতেও বাড়ি ফেরেননি। এরপর এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার কয়েকজন ওই চায়ের দোকানে রক্তাক্ত অবস্থায় দেবব্রতর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মৃতদেহের পাশ থেকে রক্তমাখা ইট ও মদের বোতলও উদ্ধার করা হয়েছে। খড়দা থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থানে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই নৃশংসভাবে খুন করা হয়েছে দেবব্রতকে। ঘনিষ্ঠ বন্ধুরা এই ঘটনায় জড়িত থাকতে পারে।

No comments:
Post a Comment