অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই রেকর্ড করে সোনা জিতে নিলেন ভারোত্তলক মীরবাই চানু। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে রুপা জিতেছিলেন মীরা। এ বার তিনি যে পদক জিতবেন তা নিশ্চিতই ছিল। শুরুটাই হয়ে গেল তার সোনা দিয়ে। সোনা জিতলেন তো বটেই, সঙ্গে ৪৮ কেজি বিভাগে গেমসের রেকর্ডও ভাঙলেন তিনি।
চানু প্রথম ধাপে ৮০ কেজি, ৮৪ কেজি ও ৮৬ কেজি ওজন শ্রেণিতে সফল হন। এরপর তুললেন ১০৩ কেজি, ১০৭ কেজি ও ১১০ কেজি। চানু গেমস শেষ করেন ১৯৬ কেজিতে (৮৬ কেজি+১১০ কেজি)। তারপরই স্পোর্টস অ্যান্ড লেসার সেন্টার ফেটে পড়ে হাততালিতে।
প্রসঙ্গত মীরাবাই চানুর এর আগের সেরা ছিল ১৯৪ কেজি। কয়েক মাস আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৫ কেজি + ১০৯ কেজি তুলে নিজের রেকর্ড করেছিলেন। এইবার গেমস রেকর্ডের সঙ্গে সঙ্গে নিজের রেকর্ডকেও ছাপিয়ে গেলেন মীরা। ২৩ বছরের মীরা ছয়বারই ভার তুললেন রেকর্ড ভেঙে। কমনওয়েলথে মেয়েদের ৪৮ কেজি বিভাগে মোট ওজন তোলার রেকর্ড ছিল ১৭৫ কেজি।

No comments:
Post a Comment