সাঁতরে সাড়ে পাঁচ হাজার মাইল পাড়ি দেবার পরিকল্পনা করেছেন ৫০ বছর বয়সী সাঁতারু বেন লিসোম। রবিবার (২৭ মে) জাপান থেকে সাঁতার শুরু করবেন লিসোম, জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
বেন লিসোম ফরাসী বংশোদ্ভুত হলেও তার বাস যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ১৯৯৮ সালের ১৬ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর আটলান্টিক সাগর পাড়ি দেন তিনি। এ সময়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে ফ্রান্সের ব্রিটানি পৌঁছান। সে সময়ে ক্যান্সার গবেষণায় অর্থ সংগ্রহের জন্য সাঁতার কাটেন। তবে তার ওই যাত্রা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠেনি। এবার তিনি প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে চান।
রোববার জাপান থেকে সাঁতার শুরু করে নভেম্বরের মাঝে সান ফ্রান্সিসকো পৌঁছানোর পরিকল্পনা করেছেন লিসোম। ৫,৭০০ মাইল যাত্রার এ লম্বা সময়ে ডাঙ্গার দেখা পাবেন না তিনি। তার এই যাত্রা ট্র্যাক করবে একটি ডিজিটাল মিডিয়া সায়েন্স কোম্পানি ‘সিকার’ এবং ডিসকভারি চ্যানেল।
এই সাঁতারের উদ্দেশ্য হলো গবেষণার জন্য তথ্য সংগ্রহ। সাঁতার কাটার সময়ে লিসোমের সঙ্গে একটি নৌকা এবং সেই নৌকায় তার সহযোগীরা থাকবেন। দিনে আট ঘণ্টা সাঁতার কেটে বাকি সময় নৌকায় বিশ্রাম নেবেন লিসোম। সাঁতার কাটার পাশাপাশি নাসাসহ আরও ২৭টি গবেষণা প্রতিষ্ঠানের জন্য তথ্য ও নমুনা সংগ্রহ করবেন তারা। প্লাস্টিক দূষণ,পরিযায়ী স্তন্যপায়ী প্রাণীর (যেমন তিমি) আচরণ ইত্যাদি বিষয়ে তারা তথ্য সংগ্রহ করবেন।
লিসোম জানেন যে এই সময়ে তার বিভিন্ন সমস্যা হতে পারে। এত বেশি সময় পানিতে থাকলে স্বাস্থ্যগত সমস্যা, পরিবেশগত সমস্যা এবং জলজ প্রাণীদের ভয় রয়েছে। কিন্তু লিসোমের সবচেয়ে বেশি ভয় হলো জেলিফিশ নিয়ে। তিনি বলেন, ‘জেলিফিশ নিয়ে আমার চিন্তা বেশি। জেলিফিশ থাকলে সাঁতার কাটা কঠিন, বিশেষ করে যদি তারা একসঙ্গে গুচ্ছ বেঁধে থাকে।’

No comments:
Post a Comment