জয়পুর, ৩ মে : ধূলিঝড়ে রাজস্থানে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। মৃতের পরিবার পিছু ৪ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যা বেলায় ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে রাজস্থানে। ঝড়ের দাপটে দু’ঘণ্টায় বিপর্যস্ত হয় রাজ্যের একাধিক জায়গা। সবচেয়ে বেশি ক্ষতি হয় ভরতপুর, ঢোলপুর, আলওয়ার ও ঝুনঝুনু জেলা। ঝড়ের দাপটে ভেঙে পড়ে বহু গাছপালা ও ঘরবাড়ি। বাড়ি ভেঙে হতাহতের সংখ্যা বাড়ে। ধীরে ধীরে বাড়তে থাকে মৃতের সংখ্যা। ভরতপুরে মৃত্যু হয় ১১ জনের। ঢোলপুরে ৭ জন, আলওয়ারে ৩ জন, ঝুনঝুনু ও বিকানেরে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। কোথাও কোথাও স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment