মৃদুল ব্যানার্জিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি হননি। আরও কয়েকজনের কথা ভেবেছিলেন সুভাষ ভৌমিক। তাঁরাও রাজি হননি। শেষ পর্যন্ত বাস্তব রায়কে কোচ হিসেবে বেছে নিয়েছেন লাল-হলুদ TD সুভাষ ভৌমিক। গোটা মরশুমের জন্য ইস্টবেঙ্গলে কোচিং করবেন বাস্তব।
সুভাষ ভৌমিকের সঙ্গে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের নয়া কোচ
আজ ক্লাব তাঁবুতে TD সুভাষ ভৌমিককে পাশে বসিয়ে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে নতুন কোচকে স্বাগত জানান ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার। ISL-এর ক্লাব ATK ছেড়ে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন বাস্তব। একসময় অনূর্ধ্ব-১৯ স্তরে লাল-হলুদ জার্সিতে খেললেও সিনিয়র দলে কখনও খেলেননি। মোহনবাগানের সিনিয়র দলে খেলেছিলেন ৯৯-২০০০ মরশুমে।
কলকাতায় ছোটো দলে কোচিং করলেও ইস্টবেঙ্গলের মতো বড় দলে এই প্রথম কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাস্তব। ইস্টবেঙ্গলকে সুভাষ ভৌমিকের সঙ্গে হাত মিলিয়ে সাফল্য এনে দিতে মুখিয়ে আছেন। বাস্তবের সঙ্গে আগামীদিনের প্রস্তুতি, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা সেরেছেন সুভাষ।
আগামী ১৫ জুন থেকে আনুষ্ঠানিকভাবে প্র্যাকটিসে নামবে ইস্টবেঙ্গল। তবে মাসের পয়লা তারিখ থেকেই শহরে থাকা ফুটবলারদের নিয়ে প্র্যাকটিসে নেমে পড়তে চান সুভাষ ও বাস্তব।

No comments:
Post a Comment