আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন তিনি। আনুষ্ঠানিক নির্বাচনের তাই প্রয়োজন পড়েনি। টানা দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর।
আইসিসির নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী, আইসিসির প্রত্যেক পরিচালক একজন করে প্রার্থী মনোনয়নের অনুমতি পান, যে প্রার্থীকে অবশ্যই বর্তমান অথবা প্রাক্তন পরিচালক হতে হবে। দুই বা তার বেশি পরিচালকের মনোনীত প্রার্থীই কেবল যোগ্যতা পান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। গতবারের মতো এবারও প্রার্থীই ছিলেন একজন। নির্বাচন প্রক্রিয়া দেখভালের দায়িত্ব ছিল যার, সেই স্বাধীন অডিট কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড কুইনল্যান মনোহরকে জয়ী ঘোষণা করেন।
খ্যাতিমান এই আইনজীবী দুইবার ছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান। ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত প্রথম মেয়াদে, এরপর জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবর থেকে পরের বছরের মে পর্যন্ত দ্বিতীয় মেয়াদে। ওই দ্বিতীয় মেয়াদের সময় ভারতীয় বোর্ডের মনোনয়নে ছিলেন আইসিসির চেয়ারম্যানও। এর পর ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান।
তার প্রথম মেয়াদ শেষ হবে আগামী মাসে। দ্বিতীয় মেয়াদে থাকবেন ২০২০ সালের জুন পর্যন্ত।

No comments:
Post a Comment