দুধে মল! ছি: - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 May 2018

দুধে মল! ছি:



বাজারে প্রচলিত পাস্তুরিত দুধে মলের উপাদান এবং বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে তা পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।খবর ইউএনবির।

সোমবার জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

নির্দেশনায় খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএসটিআইয়ের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে আদালত আইসিডিডিআর,বির যে রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টও এক মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

এছাড়া পাস্তুরিত দুধের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এতে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, আইসিডিডিআর,বি এবং পুলিশ মহাপরিদর্শককে ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৭ জুন তারিখ নির্ধারণ করেছেন।

গত ১৭ মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘পাস্তুরিত দুধের ৭৫ শতাংশই নিরাপদ নয়, আইসিডিডিআর,বির প্রতিবেদন সংযুক্ত করে এই রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ রিট দায়ের করেন। আদালতে তিনি নিজেই এর শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আবু সাঈদ, মো. সেলিম আসিফ পারভেজ ও মো. হানিফ।

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) বিজ্ঞানীরা বলছেন, বাজারে পাওয়া যায় এমন পাস্তুরিত দুধের ৭৫ শতাংশ অনিরাপদ। বিজ্ঞানীরা বিভিন্ন কোম্পানির দুধের নমুনা পরীক্ষা করে তাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া পেয়েছেন। তারা পরামর্শ দিয়েছেন, মানুষ যেন দুধ কেনার পর ফুটিয়ে পান করেন।

আইসিডিডিআরবির বিজ্ঞানীরা দেশের ৪৩৮টি কাঁচা দুধের নমুনা এবং বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত দুধের ৯৫টি নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করেন। এই গবেষণা ফলাফল গত মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড মাইক্রোবায়োলজিতে ছাপা হয়। শিশুদের পুষ্টির প্রাথমিক উৎস এই দুধ নিয়ে গবেষণা ফলাফলকে আইসিডিডিআর,বি ‘অপ্রীতিকর’ বলে বর্ণনা করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad