বিভাস লোধ, কলকাতা : আশা ছিল আরব সাগরের বদলা হবে গঙ্গা তীরে। কিন্তু বদলা তো দূর অস্ত, বুধবারের ইডেন সাক্ষী আরও এক অসহায় আত্মসমর্পণের। মুম্বইয়ের কাছে ১০২ রানে হেরে প্লে অফ্ যাত্রা অনিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের।
ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে ইডেনে ফিরতি লীগে মুখোমুখি হয় কলকাতা এবং মুম্বই। প্রথম দিকে কলকাতার আঁটোসাটো বোলিং এ সমস্যায় পড়ে মুম্বই ব্যাটসম্যানরা। অধিনায়ক রোহিত কিংবা ওপেনার সূর্য কুমার যাদব, রান পেলেও যাবতীয় হিসাবনিকাশ পাল্টে দিয়ে ইডেনে ঝড় তোলেন ইশান কিষান। মাত্র ২১ বলে তার করা ৬৩ রানে যাবতীয় পরিকল্পনা ভেস্তে যায় নাইটদের। এদিন ছয়টি ছয় আসে ইশানের ব্যাট থেকে। শেষদিকে মুম্বই দলকে বড় রানে নিয়ে যান বেন কাটিং। তিনি নয় বলে করেন ২৪ রান।
বল হাতে কলকাতার হয়ে পীযূষ চাওলা তিন উইকেট নিলেও যথেষ্ট রান দেন বোলাররা। শেষ পর্যন্ত মুম্বইয়ের স্কোর ২১০।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতা নাইট রাইডার্স। এদিন যেন গোটা দলটাই হেরে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছিল। মুম্বইয়ের আঁটোসাটো বোলিং এ সেভাবে রান ওঠেনি কলকাতার। তার উপরে ২১১ রানের বিশাল লক্ষ্য। এখানেই আটকে যায় নাইটরা। ১৮.১ ওভারে মাত্র ১০৮ শেষ হয় কলকাতার ইনিংস।
এই জয়ের ফলে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স ।



No comments:
Post a Comment