স্পাইডারম্যানের সিনেমা দেখেছে অথচ তার মতো করে দেয়াল বেয়ে উঠতে কিংবা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ঝুলে ঝুলে যেতে চায় নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমাদের অনেকের শৈশবের সুপারহিরোর তালিকায় শীর্ষস্থান দখল করে আছে এ চরিত্রটি, যা টবি ম্যাগুইরের অসাধারণ অভিনয়ে চমৎকারভাবে আমাদের মনে গেঁথে গিয়েছে।
এখন প্রশ্ন হলো, আসলেই কি একজন মানুষের পক্ষে স্পাইডারম্যান হওয়া সম্ভব? এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ঝুলে যাওয়ার কথা নাহয় বাদ দিলাম, কিন্তু দেয়াল বেয়ে ওঠা কি সম্ভব না?
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের একদল প্রাণিবিজ্ঞানী এ ব্যাপারটিই চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন জার্নাল PNAS-এ। তাদের সেই পেপারটির মূল বক্তব্য হলো, একটি প্রাণী আকারে যত বড় হবে, দেয়ালের সাথে আটকে থাকতে গেলে তার দেহের পৃষ্ঠতলের তত বেশি অংশ আঠালো হতে হবে।
উদাহরণ হিসেবে প্রথমে পিঁপড়ার কথাই ধরা যাক। প্রাণীটি আকারে বেশ ছোট হওয়ায় তার দেহের পৃষ্ঠতলের মাত্র ০.০৯ ভাগ আঠালো হওয়াতেই সে দেয়াল বেয়ে উঠতে পারে। কিন্তু টিকটিকি এদিক দিয়ে পিঁপড়ার কাছে দৈত্যের সমান। তাই আমাদের বাসা-বাড়ির দেয়ালের এ অবিচ্ছেদ্য্ প্রাণীটির দেহের শতকরা ৪.৩ ভাগ আঠালো। এর সাহায্যেই সে দেয়াল থেকে দেয়ালে ঘুরে বেড়ায়।
এবার আসা যাক তাহলে মানুষের বেলায়। গবেষকরা তখন হিসেব করে দেখলেন, মানুষও যদি পিঁপড়া, টিকটিকির মতো করে দেয়ালে দেয়ালে ঘুরে বেড়াতে চায় তাহলে তার দেহের পৃষ্ঠতলের অন্তত ৪০ ভাগ আঠালো হতে হবে!
পায়ের হিসেবে এটি কত বড়? এজন্য আমাদের ইউরোপিয়ান সাইজে ১৪৫ কিংবা ইউএস সাইজে ১১৪ মাপের জুতা দরকার!

No comments:
Post a Comment