একাধিকবার শহরে মাদকচক্র সক্রিয় হওয়ার প্রমাণ পাওয়া গেছে। স্কুল ও কলেজ পড়ুয়া থেকে নামী লাউঞ্জের ডিস্ক জকিদেরও নাম জড়িয়েছে মাদকচক্রের সঙ্গে। তাদের গ্রেপ্তারও করা হয়েছে। এবার ফের আরও একবার কলেজ পড়ুয়ার নাম জড়াল। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে তিন পড়ুয়াকে গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ জানতে পারে চক্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তদন্তকারীরা জানতে পেরেছেন, কলকাতার বেশ কিছু নামী কলেজের পড়ুয়ারা জড়িত রয়েছে এই চক্রে। এরপর গতরাতে ভবানীপুর এলাকা থেকে মুব্বাসিরকে গ্রেপ্তার করে নারকোটিক কন্ট্রোল বুরো। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৫টি LSD ব্লট পেপার এবং ৭ গ্রাম MDMA। NCB সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে মাদক দ্রব্য আনত মুব্বাসির। এই কাজে ক্যারিয়ারের কাজ করত তার এক সহযোগী। যে এই মুহূর্তে পড়াশোনার জন্য বেঙ্গালুরুতে রয়েছেন। তদন্তের স্বার্থে ওই যুবকের নাম এখনই বলতে চায়নি NCB। ওই যুবককেও গ্রেপ্তার করতে পারে বলে জানা গেছে। এই কাজে NCB-র বেঙ্গালুরু দপ্তরের সাহায্য নেওয়া হচ্ছে। তদন্তকারীরা জেনেছেন, ভবানীপুর এলাকার সম্ভ্রান্ত পরিবারের বেশ কিছু কলেজ পড়ুয়াদের মাদক সরবরাহ করত মুব্বাসির। যাদের মাদক সরবরাহ করা হত তাদের নাম জানার চেষ্টা করা হচ্ছে। এর আগে বুধবার রাতে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে সৌমিক মুখার্জি, মৃগাঙ্ক ভট্টাচার্য, এবং কৌস্তভ কর। এর মধ্যে প্রথম দু’জন দক্ষিণ কলকাতার একটি নামী ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজে পড়ুয়া। কৌস্তভ MCA পড়ছে।
সূত্রঃ ইনাডু

No comments:
Post a Comment