যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে।শুক্রবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় রানা মজুমদার নামে এক যুবকের। বাড়ি তপসিয়ার ওস্তাগর লেনে। রানা এসএসকেএম হাসপাতালে গ্রুপ ডি স্টাফ ছিলেন। মৃতের পরিবারের তরফে তপসিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের পাশাপাশি রানার ফেসবুক অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপও খতিয়ে দেখা হচ্ছে।বছর দেড়েক আগে ফেসবুকে অ্যাঞ্জেল রিয়া রায় নামে এক মহিলার সঙ্গে রানার পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মাঝেমধ্যেই দু’জনে দেখা করতেন।তবে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। একদিন রানা জানতে পারেন যে রিয়া বিবাহিত। তাঁর এক সন্তানও রয়েছে। জিজ্ঞাসা করলে রিয়া জানান যে স্বামী তাঁর উপর নিয়মিত অত্যাচার করেন। এই ঘটনা সামনে আসার পর তাঁদের প্রেম আরও গাঢ় হয়। রানার বাড়িতেও আসেন রিয়া।
বুধবার রানার সঙ্গে কোনও কারণে ঝামেলা বাধে রিয়ার। পরিষ্কার জানিয়ে দেন, রানাকে তিনি ভালোবাসেন না। রিয়ার ব্যবহারে ভেঙে পড়েন রানা। এরপর শুক্রবার বাড়ি থেকে রানার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ, রানাকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে মাঝেমধ্যেই তাঁর থেকে টাকা নিতেন রিয়া। রিয়ার কড়া শাস্তির দাবি জানিয়েছে তারা। রিয়ার খোঁজ শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment