মেসির সমালোচনায় মেসির মা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

মেসির সমালোচনায় মেসির মা?


বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক লিওনেল মেসি। এরপর সমালোচনার শুরু, ফুটবলবোদ্ধা থেকে গণমাধ্যম-আমজনতা, মেসিকেই হারার দায় দিচ্ছে।
ছেলের এমন অব্যাহত সমালোচনা ব্যথিত করছে মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনিকে। আর্জেন্টাইন এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এটিও বলেছেন, লিও সবসময়ই চায় বিশ্বকাপ জিততে, ও বিশ্বকাপ ঘরে আনতে চায়। এটাই তার একমাত্র চাওয়া।
যদিও ওই ম্যাচের পর মেসি পাশে পেয়েছেন স্বদেশি কিংবদন্তি ডিয়োগো ম্যারাডোনা ও দলের কোচ-সতীর্থদের। সময়ও অনেকটা গড়িয়ে দিয়েছে। একদিন পরই দ্বিতীয় ম্যাচে নামবে আলবিসেলেস্তারা। তারপরও থামছে না পেনাল্টি সুযোগ হাতছাড়া করার সমালোচনা।
সেটা আরও বেশি ব্যথিত করছে মেসির মা’কে, ‘মেসি খুব কঠিনভাবে সমালোচনার শিকার হচ্ছে, যা কখনো কাম্য নয়। আইসল্যান্ডের সঙ্গে খেলা শেষে সবাই মেসিকে কাঁদতে দেখেছে। যখন কেউ বলে মেসি জাতীয় দলের হয়ে দায়িত্ব নিয়ে খেলতে পারে না, তখন মা হিসেবে আমি অনেক কষ্ট পাই। অথচ এই মেসিই বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের সঙ্গে বাঁচা-মরার ম্যাচে হ্যাটট্রিক করে দলকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে আসে।’
বিশ্বকাপে দেশকে ভালো কিছু উপহার দেবে মেসি, এমনটা বিশ্বাস রেখে ফুটবল জাদুকরের মা বলেছেন, ‘পরিবার চায় মেসি ভালো কিছু করুক, সে তার নিজের সেরা খেলাটা খেলুক। আমি মেসির কাছ থেকে সর্বোচ্চ সাফল্য আশা করছি।’
মেসি কঠিন সময়ে পাশে পেয়েছেন স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জোকেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোকুজ্জো লিখেছেন, ‘সবসময় তোমার পাশে আছি। এখন আরও বেশি করে থাকব।’
তিন সন্তানসহ নিজের পরিবারের একটি ছবি যুক্ত করে লেখাটি পোস্ট করার পর উত্তর পেতে দেরি হয়নি রোকুজ্জোর। মেসি সেই ছবির নিচে কমেন্ট করেছেন, ‘সুন্দর! আমি তোমাকে ভালোবাসি।’

বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে এই ম্যাচ জিততেই হবে মেসিদের। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। দল ও নিজের বাজে সময়ে মা ও স্ত্রীর এমন বার্তা ভালো টোটকা হিসেবেই কাজ করতে পারে মেসির ঘুরে দাঁড়ানোর পথে।

No comments:

Post a Comment

Post Top Ad