আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে কিছুটা স্বস্তিতে থাকলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে মাথায় বাজ পড়ার মতো অবস্থা আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির। তার অধীনেই আর্জেন্টিনা ষোল বছর পর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার শঙ্কা জেগেছে। মূলত ম্যাচে তার কৌশল নিয়ে ক্ষেপেছেন তার শিষ্যরা।
আর্জেন্টাইন মিডিয়ার খবর, নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই সাম্পাওলির পদত্যাগ চাচ্ছেন খেলোয়াড়েরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে অদ্ভুত কৌশল খেলিয়ে দলকে বিপর্যয়ে ফেলেন সাম্পাওলি। অভিজ্ঞ ডি মারিয়া, ফর্মের তুঙ্গে থাকা দিবালাকে বাদ দিয়ে একাদশ সাজানোয় সমালোচনার তীর তার দিকে। তাছাড়া প্রসিদ্ধ তিনজন ডিফেন্ডারকে না খেলিয়ে চারজন ফুলব্যাককে একসঙ্গে খেলানোয় আর্জেন্টিনার মাঠের অবস্থা ছিল একদমই যাচ্ছেতাই। খেলোয়াড়রা তাদের নামের ওজন অনুযায়ীও খেলতে পারেননি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি চোখে পড়েছে সাম্পাওলির বিচিত্র কৌশল আর মেসির অবাক করা নিষ্ক্রিয়তা। জাতীয় সংগীত চলার সময়ই মেসিকে দেখে মনে হয়েছিল, তার মাথায় যেন ভর করেছে রাজ্যের দুশ্চিন্তা। সাম্পাওলির বিচিত্র কৌশলের সঙ্গে মেসি বা আগুয়েরোদের কেউই খাপ খাওয়াতে পারেননি, তার কৌশল পছন্দ করতে পারেননি—এমনটাই শোনা যাচ্ছে এখন। যে কারণে দল থেকে সাম্পাওলির বিদায় চাচ্ছেন তারা, আর নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে দলের কোচ হিসেবে চাচ্ছেন বিশ্বকাপজয়ী সাবেক তারকা হোর্হে বুরুচাগাকে।
জানা গেছে, ম্যাচ শেষেই নাকি দলের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে বৈঠক করে জানিয়েছেন, সাম্পাওলির অধীনে তারা আর খেলতে চান না।
এদিকে শোনা যাচ্ছে, আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবল সাংবাদিক নিজেদের টুইটারে জানিয়েছেন, সাম্পাওলিকে ছাঁটাই করা না হলে সিনিয়র খেলোয়াড়েরা নিজেরাই অবসরে চলে যেতে পারেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, মার্কোস রোহো, হাভিয়ের মাচেরানো, লুকাস বিলিয়া, এভার বানেগার মতো খেলোয়াড়েরা।
মেসিরা চাইলেও সাম্পাওলির ছাঁটাই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের জন্য খুব সহজ কিছু হবে না। সাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনা দলের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে, সাম্পাওলিকে এখনই যদি ফেডারেশন ছাঁটাই করে, তাহলে তাকে ক্ষতিপূরণ বাবদ ২০ মিলিয়ন ডলার প্রদান করতে হবে। টাকার অঙ্কটা আর্জেন্টাইন ফুটবলের জন্য বেশ বড়ই।
উল্লেখ্য, বিশ্বকাপের ঠিক দু’দিন আগে স্পেন কোচকে ছাটাই করেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের ঠিক এই পর্যায়ে এসে কোচ ছাটাই দলের জন্য কতটা ভালো দিক বয়ে নিয়ে আসবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে যাই হোক, সাম্পাওলির অধীনে মেসি যে তার ধার হারিয়েছেন সেটা বিশ্বকাপেই স্পষ্ট হয়ে গেছে।

No comments:
Post a Comment