জয়ন্ত সাহা, আসানসোল: পেট্রল এবং ডিজেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূলের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ৷ মঙ্গলবার সকালে কল্যানেশ্বরী রোড থেকে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জীর নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের করা হয় ৷মিছিলটি ঝাড়খণ্ড - বাংলা সীমান্তের ডুবুরডি চেকপোষ্ট সংলগ্ন এলাকায় এসে শেষ হয় ৷ মিছিলটি গাড়ি ও মোটর বাইকের সামনে ফর সেল লিখে এগিয়ে এসে পথ অবরোধের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে ৷
একই সাথে বিক্রির জন্যে লেখা মোটর বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ যুব তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়,পেট্রল ডিজেলের দাম বৃদ্ধির জন্যে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তেমনই গাড়ি চালানোর তেল কিনতে চালকদের নাভিশ্বাস উঠছে ৷ আমরা গাড়ি বিক্রি করতে চাইলেও গাড়ি বিক্রি করতে পারছিনা ৷ কেউ কেনার লোক নেই ৷ তাই গাড়িতে আগুন লাগানোর সাথে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে আমরা প্রতিবাদে সামিল হয়েছি ৷ আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


No comments:
Post a Comment