পরপর তিনটি সন্তানের পর আরও একটা সন্তান। সমাজে তো এ বার মুখ দেখানো যাবে না। আর সেই ভয়েই জন্মানোর পর পাঁচদিনের শিশুকে একটি গির্জার বাইরে ফেলে রেখে এল বাবা-মা। যদিও শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছে তারা। ঘটনাটি কেরলের কোচি শহরের। পুলিশ জানিয়েছে, গির্জার বাইরে লাগানো CCTV-তে ধরা পড়ে সন্তান ফেলে যাওয়ার ভিডিও। সেই ভিডিও দেখেই গতকাল সকালে গ্রেপ্তার করা হয়েছে দম্পতিকে।
ত্রিশূরের ওয়াড়াক্কানচেরির বাসিন্দা বিট্টু(৩২) এবং তার স্ত্রী প্রবিথার (২৮) তিন সন্তান রয়েছে। ফের গর্ভবতী হয় প্রবিথা। ত্রিশূরের একটি সরকারি হাসপাতালে ভরতি করানো হয় তাকে। বুধবার একটি সন্তানের জন্ম দেয় সে। যদিও খুশি হতে পারেনি দম্পতি। আশঙ্কা হয় পরিহাসের। পরপর সন্তান হওয়াতে আত্মীয়, পাড়া-প্রতিবেশী আর বন্ধু-বান্ধবরা কী বলবে তা নিয়ে। স্ত্রীকে হাসপাতালে ভরতি করার আগেই বিট্টু সদ্যোজাতকে কোথাও রেখে আসার সিদ্ধান্ত নেয়। তাতে সম্মতি জানায় তার স্ত্রীও। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শনিবার সন্ধ্যায় তারা চলে আসে এডাপল্লির সেন্ট জর্জ ফোরেন গির্জার কাছে। এলাকা নির্জন ছিল। এই সুযোগে গির্জার সামনে কোলের শিশুটিকে সন্তর্পণে রেখে দেয় তারা। রাখার আগে সন্তানের কপালে চুমুও খায় বিট্টু। CCTV ফুটেজে সেই ভিডিও ধরা পড়েছে।
রাত সাড়ে ৮টা নাগাদ গির্জার নিরাপত্তা কর্মীরা শিশুটিকে দেখতে পান। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভরতি করে। তদন্তে নেমে গির্জার বাইরে লাগানো CCTV-র সাহায্য নেয় পুলিশ। শিশুটির মা-বাবার খোঁজ করা হয়। CCTV ফুটেজ সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়। তারপরই বিট্টু ও প্রবিথার খোঁজ পাওয়া যায়। গতকাল সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিট্টু তদন্তকারীদের জানিয়েছে যে, স্ত্রী প্রায়ই গর্ভবতী হওয়ার কারণে স্থানীয়রা তাকে উপহাস করত। সে স্বীকার করেছে, হাসপাতালে ভরতি হওয়ার আগেই শিশুটিকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে তারা। ঘটনায় আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যোজাত ভালো রয়েছে।

No comments:
Post a Comment