রাজনীতি ভুলতে বিশ্বজোড়া নতুন আয়োজন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

রাজনীতি ভুলতে বিশ্বজোড়া নতুন আয়োজন


পবিত্রমোহন বিশ্বাস : হে বন্ধু,এসো আমরা দিন কয়েকের জন‍্য ভুলে যাই রাজনীতির কচকচানি! আমরা ভুলে যাই খুন ধর্ষণ রাহাজানি।পেট্রোপন‍্যের দাম এক পয়সা কমে গেল নাকি আরও দু টাকা লাফিয়ে লাফিয়ে বাড়ল সব ভুলে যাই।
জোট সরকার গঠিত হবে নাকি বিজেপি‌ই সরকার গড়ছে?আচ্ছা এবার‌ও কি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেই অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের দাপাদাপি থাকবে? তাপস পালের রাজনৈতিক জীবনে কি ইতি পড়বে নাকি শেষ পর্যন্ত সিনেমায় ফিরবেন? অভিষেক কেন বললেন মদন সারদার টাকা খেয়েছে? বর্ষা সঠিক সময়ে আসবে নাকি এবার শীত আরও বাড়বে? এই সব কিছুই যেন মাথায় না ঢোকে!

হে বন্ধু,এসো এবারে আমরা একাসনে মিলিত হ‌ই। দিন কয়েকের জন‍্য ভাবিত হ‌ই বিশ্ব ফুটবল নিয়ে!কোন দল কার ঘোড়া এক্ষুনি ধরে ফেলতে হবে। আর সময় নেই আমার আপনার ঘোড়ায় কেউ যেন ভাগ না বসিয়ে ফেলে!
সারা পৃথিবীটাতেই যেন সবুজ ঘাসের গালিচা বিছানো।রঙবেরঙের মুখোশ,গালে হরেক রঙের পোচ, বাঁশির শব্দে কান ঝালাপালা,পতপত করে পতাকা উড়ছে,তার‌ই মধ‍্যে উল্লাসে ফেটে পড়ছে গোটা স্টেডিয়াম ওই তো লিওনেল মেসি মাঠে নামছেন।গ‍্যালারি উত্তাল।
কী বলছেন এবার জার্মানি বিশ্বকাপ জিতবে? না না, ব্রাজিল ব্রাজিল।ফুটবল ওদের রক্তে।এমন ভাবে বলছেন যেন ওঁরাই সব!কী মনে হয় নেইমার, উইলিয়ান,ড‍্যানি ওয়েলবেক,পাওলো গুয়েরেরো,আন্দ্রে ইনিয়েস্তার,হ‍্যারি কেন,জোনস,ট্রিপিয়ার,র‍্যাশফোর্ড,ন‍্যুয়ের,সানে,খেদিরা,ওজিল,ওসমানে ডেমবেল,পল পোগবা,লুকা মডরিচ,গ‍্যাব্রিয়েল জেসাস,রাদামেল ফালকাও, জেভিয়ার হারনানডেস,জুলিয়ান ড্রাক্সলার,ইগর আকিনফেভ আর কত নাম করব? এঁরা সব ফালতু নাকি?আরে মশাই যে কোন সময় যে কেউই জ্বলে উঠতে পারে।কে বা কার হাতে কাপ উঠবে?কোন দেশ বিশ্বকাপার হবে?আর একটু চর্চা.....?
আহা আর্জেন্টিনা কি ফেলনা নাকি? মারাদোনার নাম শুনেছেন? দেখবেন দর্শকাসনে বসে একাই স্টেডিয়াম কাঁপিয়ে দেবে।ফিদেল কাস্ত্রোর ভক্ত রে ভাই!
রাশিয়া রাশিয়া! কতবার পড়েছি রাশিয়া নিয়ে।এবার সেখানেই বিশ্ব ফুটবল খেলার আসর। ইস্ যদি এই বিশ্বকাপের আসরে ইস্টবেঙ্গল মোহন বাগানের কেউ খেলত কত ভাল হত!চুনি পিকে অথবা নেহাতই বাইচুং!

হে বন্ধু, গোটা পৃথিবী ফুটবল জ্বরে কাঁপছে, আমাদের পাড়ার নন্টের‌ও জ্বর হয়েছে।গত দু'দিন বৃষ্টি মাথায় ধানের জমিতে ফুটবল খেলেছে!এ হলো বিশ্ব ফুটবলের প্রভাব।

হে বন্ধু, সব খেলার সেরা বাঙালির  ফুটবল।তাই বাঙালি এত টগবগিয়ে ফুটছে। নিজের দেশ নাইবা র‌ইল তাতে কী। সেই চেনা বল, সেই দর্শক সেই আবেগ।সব‌ই এক।
খেলাধুলার চেয়ে পবিত্র কিছু হয় নাকি?আর সেই খেলা যদি হয় ফুটবল তবে কথা নেই। ফুটবলের এমন জাদু এখনও বল পায়ে ছুটতে পারি!

হে বন্ধু,এসো সব বাধাকে দূরে সরিয়ে রাখি। ফুটবল সাধনায় ব্রতী হ‌ই। সম্ভবনাময় শিল্পের আর এক নাম ফুটবল। শিল্পী খেলোয়াড়দের পায়ের কেরামতির কাছে বাকি সব তুচ্ছ।
ফুটবল নিস্পাপ বেগবতী নদীর মত‌ ছুটে চলা‌ই যার নিয়ম।সে কখন‌ও থামতেই জানে না।জয় হো ফুটবল।

No comments:

Post a Comment

Post Top Ad