উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীতে ফিরিয়ে আনা হলো গৌতম দেবকে। রবিবার জেলা কমিটির বৈঠক ডেকে পলিটব্যুরোর সদস্য বিমান বসু ও রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের উপস্থিতিতে নজিরবিহীন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই জেলা সম্মেলনেই শারীরিক অসুস্থতা ইত্যাদির কারণে জেলা সম্পাদক পদের সঙ্গে জেলা কমিটি থেকেও বিদায় নেন গৌতমবাবু। এবার কেন্দ্রীয় কমিটি থেকেও তিনি একই কারণে বাদ পড়েছেন। তাঁর জেলা সম্পাদকমণ্ডলীতে ফিরে আসা নিয়ে জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জানান, গৌতমদার নেতৃত্ব ও পরামর্শ এখনও প্রয়োজন। তাই তাঁকে সর্বসম্মতিক্রমে ফিরিয়ে আনা হল।
এ ছাড়া এবার জেলা সম্পাদকমণ্ডলীতে গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী। বহুদিন থেকেই তিনি জেলা সম্পাদকমণ্ডলীতে ঠাঁই পেতে সচেষ্ট ছিলেন। কিন্ত সিপিএমের জেলা রাজনীতিতে সুভাষ–বিরোধী গোষ্ঠী তা হতে দেয়নি। সেই গোষ্ঠীর এক নেতা জানান, সুভাষদার অমলিন জনপ্রিয়তার কথা মনে রেখে রমলা চক্রবর্তীকে জেলা সম্পাদকমণ্ডলীতে আনা হল। জেলা সম্পাদকমণ্ডলীতে নতুন করে এলেন মধ্যমগ্রামের আহমেদ খান। তরুণ আহমেদ তৃণমূলের সঙ্গে লড়াই দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এলেন উত্তর দমদমের বুদ্ধিজীবী বলে পরিচিত সুরঞ্জন ত্রিপাঠী। সিটু রাজ্য সভাপতি সুভাষ মুখার্জিকে সম্পাদকমণ্ডলীতে রাখা হল না।

No comments:
Post a Comment