পুরুলিয়ার বলরামপুরে মৃত দলীয় কর্মী ত্রিলোচন মাহাত ও দুলাল কুমারের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছে রাজ্য বিজেপি। শুধু ক্ষতিপূরণ নয়, মৃতদের পরিবারের কাউকে চাকরি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদনও জানানো হবে। পাশাপাশি, ওই পরিবারগুলির পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন বিজেপি-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক(সংগঠন) রামলালজি।মঙ্গলবার এবিষয়ে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়েছে তাঁর।
বিজেপি সূত্রে খবর, পুরুলিয়ায় মৃত দুই কর্মীর বাড়ি যাবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জানা গেছে, এই দুই পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করানোর পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে পুরুলিয়া ইশুতে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ।
রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুরুলিয়া জেলায় তৃণমূল আমাদের কর্মীদের নৃশংসভাবে খুন করে একটা আতঙ্কের পরিবেশ তৈরির পরিকল্পনা করছে। কিন্তু, জেলায় দলের সব কর্মীর পাশে আছে রাজ্য BJP। গতকাল বৈঠকে পুরুলিয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব এবিষয়ে নজর রেখেছে।”

No comments:
Post a Comment