জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বিশ্বসেরা গোলরক্ষক। অনেকেই তাকে সর্বকালের সেরাদের তালিকাতেও স্থান দেন এখনই। তবে রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক পরাজিত দলের সদস্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি জিততে পারেনি দক্ষিণ কোরিয়ার সাথে। তারা হেরেছে ২-০ গোলে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির দক্ষিণ কোরিয়ার গোলমুখে ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ দলটির ২৬ বছর বয়সী গোলরক্ষক চো হিউন-উ। দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকে ব্যর্থ করে দিয়েছেন জার্মানদের সব আক্রমণ।
২০১৮ সালের বিশ্বকাপই প্রথম চো এর ক্যারিয়ারে। তবে আসরটি ভুলে রাখার মতই হতে যাচ্ছিল তার জন্য। প্রথম দুই ম্যাচে হার, তিন গোল হজম করেছে দল। গোলরক্ষকের দায়িত্ব ছিল তার হাতেই। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাঁচামরার লড়াইয়ের ম্যাচেই এভাবে জ্বলে উঠবেন কে জানত!
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে ম্যাচ জিততেই হত জার্মানির। তবে এমন ম্যাচেই ছয়-ছয়টি সেভ করেন চো। প্রথমার্ধের শেষ দিকে জার্মান ডিফেন্ডার ম্যাটস হামেলস এর ক্লোজ রেঞ্জ থেকে নেয়া শট আটকে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিডফিল্ডার লিওন গোরেটজকার দারুণ একটি হেড আরও দুর্দান্তভাবে আটকে দেন তিনি। এভাবে বারবারই স্ট্রাইকার মারিও গোমেজ, হামেলসদের হতাশ করেন চো।জার্মানির মতই প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে দক্ষিণ কোরিয়া। তবে দল এবং গোলরক্ষক চো এর এমন পারফরম্যান্স আগামীতে দক্ষিণ কোরিয়াকে আরো ভালো করায় প্রেরণা যোগাবে।

No comments:
Post a Comment