৩০ বার উঠবস করলেই ট্রেনের একটি টিকিট ফ্রি দেয়ার ব্যবস্থা করেছে রাশিয়ান সরকার। মূলত শরীর চর্চায় আগ্রহী করে তুলতেই অভিনব এ অফার দারুণ সাড়া ফেলেছে সে দেশে। আর এ আয়োজন পুরোটাই করা হয়েছে আসছে শীতকালীন অলিম্পিক ২০১৪-কে সামনে রেখে।
অভিনব এ অফারটি হলো, যদি কেউ ৩০ বার উঠবস ব্যায়াম করে তবে তাকে একটি সাবওয়ে ট্রেনের ভ্রমণের টিকিট দেয়া হবে।
২০১৪ সালের শীতকালীন অলিম্পিক রাশিয়াতে অনুষ্ঠিত হবে। দেশটির সরকার এখন থেকেই অলিম্পিক সামনে রেখে দেশের জনগণকে শরীর চর্চায় আগ্রহী করে তুলতে চাইছে, ফলে তারা সব সাবওয়ে স্টেশনে এমন একটি মেশিন বসিয়েছে যেটির সামনে দাঁড়িয়ে ৩০ বার উঠবস করলেই দেয়া হবে ট্রেন ভ্রমণের জন্য একটি ফ্রি টিকেট! আর ছেলেবুড়ো সবাই এ ইভেন্টে অংশ নিতে পারবেন।
মেশিনটা অনেকটা এটিএম বুথের মতোই। আগ্রহী ব্যক্তিকে মেশিনের সামনে নীল রঙের দাগ দেয়া ম্যাটে দাঁড়িয়ে উঠবস ব্যায়াম করতে হবে এবং মেশিনে থাকা লেজার কম্পিউটার প্রতিটি উঠবস গুণে ডিসপ্লেতে দেখাবে। একে একে ৩০ বার উঠবস সম্পূর্ণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেশিন থেকে পুরস্কারস্বরূপ টিকিটটি বেরিয়ে আসবে।
এরই মধ্যে রাশিয়াতে এই ইভেন্টের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু উৎসাহী নারী-পুরুষ এবং শিশু উঠবস করে তাদের ফ্রি টিকিট জিতে নিচ্ছেন। শুধু রাশিয়ান নয়, এ সুযোগ আন্তর্জাতিক পর্যটকের জন্যও উন্মুক্ত।

No comments:
Post a Comment