রাশিয়ার সাইবেরিয়ার খনি অঞ্চলে দুই ব্যক্তি বাজি ধরে পাঞ্জা লড়ে হারার পর নিজেদের বাম কান নিজেরাই কেটেছেন। অজ্ঞাত ওই দুই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অর্থোডক্স ক্রিসমাস উদযাপনে ওই দুই ব্যক্তি মদ পান করেন। একপর্যায়ে তাঁরা বাজি ধরে পাঞ্জা লড়েন। বাজির শর্ত—পরাজিত ব্যক্তি নিজের কান নিজেই কাটবেন।
শর্ত অনুযায়ী দুজনের মধ্যে শুরু হয় পাঞ্জা লড়াই। প্রথমে একজন জয়ী হন। কিন্তু পরাজিত ব্যক্তি এই ফলাফল মানতে নারাজ। তিনি দ্বিতীয় দফা লড়াইয়ের জন্য পীড়াপীড়ি করতে থাকেন। এরপর দুজনের মধ্যে আবারও লড়াই হয়। প্রথমবার পরাজিত ব্যক্তি দ্বিতীয় দফায় জয়ী হন।
এ পর্যায়ে প্রথম দফার লড়াইয়ে জয়ী ব্যক্তি নিজেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দাবি করেন। যুক্তি-তর্ক শেষে দুজনেই এই প্রতিযোগিতার ফলাফলকে ‘ড্র’ বলে মেনে নেন।
ফলাফল ড্র। কিন্তু বাজির শর্তানুযায়ী কান কাটার বিষয়ে কী মীমাংসা হবে! ওই শর্তের প্রতি শ্রদ্ধা দেখাতে উভয় প্রতিযোগী রাজি হন। এরপর দুজনে স্বেচ্ছায় ব্লেড দিয়ে নিজেদের বাম কান কেটেছেন। একজন তাঁর কানটি পুরোপুরি কেটেছেন। অপরজন অর্ধেক কান কেটেছেন বলে গত শুক্রবার জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে কি না, তদন্ত করে তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments:
Post a Comment