পোলেরহাট হাই স্কুলের পড়ুয়াদের পর এবার রাস্তা অবরোধ করল সাতুলিয়া হাই মাদ্রাসার পড়ুয়ারা। ভাঙড় ২ ব্লকের ভাঙড় বাজার থেকে পাকাপোল বাজার পর্যন্ত বেহাল রাস্তার প্রতিবাদে এদিন রস্তায় নামে পড়ুয়ারা। স্কুলের শিক্ষক, কাশীপুর থানার পুলিশ পড়ুয়াদের বোঝালেও তারা অবরোধ তোলেনি। প্রায় দেড় ঘণ্টা পর ভাঙর ২ ব্লকের আধিকারিক ঘটনাস্থলে গিয়ে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিলে অবরোধ ওঠে। অবরোধের ফলে দুটি রুটের বাস, অটো, ট্রেকার বন্ধ হয়ে ভোগান্তি তে পড়েন সাধারণ মানুষ। পড়ুয়াদের অভিযোগ, কয়েকবছর ধরে বেহাল অবস্থা ভাঙড় ২ ব্লকের পাকাপোল- বিজয়গঞ্জ বাজার পর্যন্ত রাস্তার। এই রাস্তাতেই পড়ে ভাঙড় কলেজ, সাতুলিয়া হাই মাদ্রাসা ছাড়াও বেশ কয়েকটি প্রাইমারী স্কুল।
রাস্তাটি সরাসরি নিউটাউন, সল্টলেকের সঙ্গে যুক্ত। অথচ এমন একটি রাস্তার বেহাল অবস্থা। সেই গর্তে ভর্তি। তা পেরিয়ে স্কুলে যেতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এদিন বেলা ১১ টা থেকে মাদ্রাসার পড়ুয়ারা সাতুলিয়া ব্রিজ সংলগ্ন চার মাথার মোড় অবরোধ করে। মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ গোলাম মইনুদ্দিন অবরোধ তুলে নেওয়ার কথা বললে তাতে রাজি হয়নি। বেহাল রাস্তা কেন এতদিন মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি তাঁর জবাবদিহি চায় পড়ুয়ারা। ভাঙড় ২ ব্লকের আধিকারিকরা ঘটানাস্থলে গিয়ে পড়ুয়াদের আশ্বস্ত করেন। তিনি বলেন, আপাতত ইট ফেলে রাস্তাটি মেরামতি করা হচ্ছে। বর্ষা পরে পিচ রাস্তা তৈরির কাজ শুরু হবে।


No comments:
Post a Comment