ভারতীয় দলের জার্সিতে প্রথম শিকার করলেন অর্জুন টেন্ডুলকার৷ অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট পেলেন শচিনপুত্র৷ মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে উয়ুথ টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে প্রথম উইকেট পেলেন অর্জুন৷
কলম্বোর ননদেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে শ্রীলঙ্কার কামিল মিশ্রকে এলবিডব্লিউ করেন দেশের হয়ে উইকেট শিকারের খাতা খোলেন বাঁ-হাতি পেসার৷ নিজের দ্বিতীয় ওভারেই সাফল্য পেলেন জুনিয়র টেন্ডুলকার৷ অর্জুনের ইনসুইং ডেলিভারি বুঝতে না-পেরে পায়ে খেলেন কামিল৷ আম্পায়ার আঙুল তুলতে দ্বিধা করেননি৷
তবে ভারতীয় দলের জার্সিতে প্রথম ডেলিভারি করতে থমকে যেতে হয় অর্জুনকে৷ রান-আপ মিস করায় নতুন করে ডেলিভারি করেন শচিনতনয়৷ শ্রীলঙ্কা ইনিংসে একটি মাত্র উইকেট নিতে সক্ষম হন অর্জুন৷ তবে হর্ষ ত্যাগি ও আয়ুষ বাদোনির বোলিংয়ে ২৪৪ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস৷ ১১ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান খরচ করে মাত্র একটি উইকেটই পান অর্জুন৷
এদিন টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা৷ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাপ্টেন অনুজ রায়াত প্রথম ওভারেই অর্জুনের হাতে বল তুলে দেন৷ অধিনায়কের আস্থার প্রতি মর্যাদা দেন জুনিয়র টেন্ডুলকার৷ দ্বিতীয় ওভারে তুলে নেন কামিলকে৷ লাঞ্চ পর্যন্ত অর্জুনের বোলিং ফিগার ছিল পাঁচ ওভারে ১৮ রান দিয়ে এক উইকেট৷
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দু’টি ইয়ুথ টেস্ট খেলবে টিম ইন্ডিয়ার জুনিয়রবিগ্রেড৷ দ্বিতীয় ইয়ুথ টেস্ট শুরু ২৪ জুলাই৷ ম্যাচটি হবে হাম্বানটোটায়৷ তার পর শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ৷ ম্যাচগুলি হবে ৩০ জুলাই থেকে ১০ অগস্ট৷
No comments:
Post a Comment