এক্সাইড সংস্থায় আরও ৫৫০কোটি টাকা বিনিয়োগ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 August 2018

এক্সাইড সংস্থায় আরও ৫৫০কোটি টাকা বিনিয়োগ




চাঁদনী, হলদিয়াঃ ২০১৭ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হলদিয়ায় এক্স্যাইড কারখানার নতুন শাখার উদ্বোধন করতে এসে হলদিয়ায় বিনিয়োগের কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী কথা রেখেই হলদিয়ায় ই-রিক্সার জন্য পূর্ব ভারতে প্রথম হলদিয়ায় বাইপোলার ব্যাটারি তৈরির কারখানা গড়ার পরিকল্পনা করছে ব্যাটারি নির্মাতা সংস্থা এক্সাইড সংস্থা। একই সঙ্গে তারা ব্যাটারি থেকে সীসা বার করে তা পুনর্ব্যবহার করার লক্ষে একটি নতুন লেড ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ছে হলদিয়ায়। এইধরনের কারখানাও পূর্বাঞ্চলে প্রথম গড়ে উঠছে। দুটি নতুন কারখানা স্থাপনের জন্য এক্সাইড সংস্থা হলদিয়ায় আরও ৫৫০কোটি টাকা বিনিয়োগ হয়েছে। মঙ্গলবার  আনুষ্ঠানিকভাবে দুই নয়া শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পুজো করা হয়। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ ও হলদিয়া বন্দর কর্তৃপক্ষ দুটি প্রকল্পের জন্য ইতিমধ্যেই ২১ একর করে জমি দিয়েছে সংস্থাকে। আমেরিকা ও জার্মানির দুই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কারখানা গড়ছে এক্সাইড। প্রসঙ্গত,২০১৭সালের ২জানুয়ারি হলদিয়ায় এক্সাইডের ৭০০কোটি টাকা বিনিয়োগে তৈরি নয়া পাঞ্চ গ্রিড ব্যাটারি কারখানার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হলদিয়া বন্দর কর্তৃপক্ষ এক্সাইডকে ২০একর জমি দিয়েছে। সেখানে এক্সাইড প্ল্যান্টের সম্প্রসারণ ঘটিয়ে নতুন ধরনের ব্যাটারি তৈরি করা হবে। এছাড়া হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ আরও ২০একর জমি দিয়েছে লেড ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট তৈরির জন্য। চলতি আর্থিক বছরে এক্সাইড যে ১১০০কোটি টাকা বিনিয়োগ করবে,তার অধিকাংশই হলদিয়ায় বিনিয়োগ করা হবে। এক্সাইডের এক আধিকারিক বলেন,১১০০কোটির মধ্যে হলদিয়ায় বিনিয়োগ করা হবে ৫৫০কোটি টাকা।

এক্সাইড সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ টানাপোড়েনের পর বন্দরের কাছ থেকে দুর্গাচকে ২০একর জমি পাওয়া গিয়েছে। এক্সাইডের বর্তমান কারখানার উলটো দিকে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের পাশে পুরনো পোর্ট-বেস এলাকায় এই জমির ওপর নয়া প্ল্যান্ট গড়ে উঠবে। এখানে ই-রিক্সার জন্য বাইপোলার ব্যাটারি তৈরি করার পরিকল্পনা রয়েছে সংস্থার। বিশেষজ্ঞদের সমীক্ষা অনুযায়ী,পূর্ব ভারতে ই-রিক্সার ব্যাটারির বড় বাজার রয়েছে। দিনকে দিন এই বাজারের আয়তন বাড়ছে। বর্তমানে ই-রিক্সায় ব্যবহৃত ব্যাটারির বাজারের ২৫শতাংশ এক্সাইডের দখলে এবং তার বড় অংশই পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে। বর্তমানে ই-রিক্সায় লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। যার বাজার মূল্য ২৫-২৬হাজার টাকা। ই-রিক্সা ব্যবহারকারীদের কাছে এর চারভাগ দামে অর্থাৎ মাত্র ৬-৭হাজার টাকায় ব্যাটারি দেওয়ার জন্য নতুন ধরনের বাইপোলার ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা করেছে এক্সাইড। এর ফলে খরচ অনেক বাঁচবে।

এছাড়া,দুর্গাচক থেকে তিন কিলোমিটার দূরে লেড রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার জন্য এইচপিএল লিঙ্ক রোডের পাশে ধানসিরি পেট্রকেম সংলগ্ন এলাকায় হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ ২০একর জমি দিয়েছে। অত্যাধুনিক জার্মান প্রযুক্তি ব্যবহার করে এই কারখানা গড়ে তোলা হবে। ব্যাঙ্গালোর এবং পুনেতে এই ধরনের কারখানা থাকলেও এতদিন পূর্ব ভারতে কোন লেড রিসাইক্লিং কারখানা ছিল না। এক্সাইড যে স্টোরেজ ব্যাটারি তৈরি করে তার মধ্যে প্রধান উপাদন হল সীসা ও সীসার বিভিন্ন সংকর ধাতু। সংস্থার যে লেড প্রয়োজন হয় তার ৩০শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়। বাকি অংশ রিসাইক্লিং থেকেই আসে। এই কারখানা হলদিয়ায় তৈরি হলে তা হলদিয়া ও সংস্থার শ্যামনগর কারখানার জন্য কাজে লাগানো হবে। পশ্চিমবঙ্গে ব্যাটারির চাহিদা বাড়ার ফলেই নতুন কারখানা গড়ে উঠছে। এদিন রাজ্যের পরিবহন,  পরিবেশ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, জেলা পরিষদের সভাপতি মধুরিমা মন্ডল, হলদিয়া উন্নয়ন পর্ষদের সিও বিভু গয়েল,  এক্সাইডের এমডি গৌতম চ্যাটার্জির,  হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক সহ অন্যান্যরা।


এদিন শুভেন্দু অধিকারী জানান হলদিয়ায় শিল্পের বিকাশে জন্য আমাদের সরকার সবসময় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে আছে আর আগামীদিনও থাকবে। আমাদের সরকার ও হলদিয়া উন্নয়ন পর্ষদ শিল্প সংস্থার উন্নয়নের জন্য সব রকমের সহায়তা করবে।        

No comments:

Post a Comment

Post Top Ad