গতকাল বিকেল ৫টা ৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন অটল বিহারী বাজপেয়ি। কৃষ্ণ মেনন মার্গে তাঁকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী ও সমাজের বিভিন্ন মহলের লোকজন। অমিত শাহ জানান, আজ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সাধারণ মানুষ কৃষ্ণ মেনন মার্গে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর সকাল ৯টা নাগাদ মরদেহ দীন দয়াল উপাধ্যায় মার্গে BJP-র প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। বেলা ১টায় সেখান থেকে তাঁর শেষযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন অমিত শাহ।
বিকেল চারটেয় সবুজেঘেরা স্মৃতিস্থলে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। শান্তিবন ও বিজয়ঘাটের মধ্যবর্তীস্থানে অবস্থিত এই স্মৃতিস্থল। ২০০২ সালে যমুনার ধারে এই স্মৃতিস্থলে প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালেরও শেষকৃত্য সম্পন্ন হয়।
অটল বিহারী বাজপেয়ির দেহ নিয়ে অন্তিমযাত্রার কথা মাথায় রেখে দিল্লির পুলিশের তরফে আজ যান চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, কৃষ্ণ মেনন মার্গ, আকবর রোড, জনপথ ও ইন্ডিয়া গেটমুখী সমস্ত রাস্তা আজ সকাল আটটা থেকে সর্ব সাধারণের জন্য বন্ধ থাকবে। এছাড়া কাশ্মীরি গেট থেকে শান্তিবন ও রাজঘাটমুখী রাস্তাতেও যান চলাচল বন্ধ রাখা হবে।
অন্য যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম তুঘলক রোড, আকবর রোড, মানসিং রোড, শাহজাহান রোড, সিকান্দারা রোড, আই পি মার্গ, নেতাজি সুভাষ মার্গ ইত্যাদি।

No comments:
Post a Comment