ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে BJP-কে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "দেশের বিভিন্ন রাজ্যে দলিতদের উপরে অত্যাচার চলছে। পিটিয়ে মারা হচ্ছে। আদিবাসী, সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে।" তাঁর আরও অভিযোগ, "ঝাড়খণ্ড থেকে মাওবাদীদের ঢুকিয়ে আবার ঝাড়গ্রামকে রক্তাক্ত করার চেষ্টা হচ্ছে ।" পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত জনতাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, "মাওবাদীদের যারা সমর্থন করে তাদের ঢুকতে দেবেন না।"
আজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে ১৭ টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। শিলান্যাস করেন ১৯টি প্রকল্পের। এছাড়া, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস সহ সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলি করেন। ২৪টি সরকারি বাসের শুভসূচনাও করেন তিনি।
পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "মাওবাদীদের সাপোর্ট দেবেন না। আর তাদের যারা ঢুকতে দেয় তাদেরও দয়া করে সাপোর্ট দেবেন না। ঝাড়খণ্ড থেকে মাওবাদীরা কখনও কখনও এসে এখানে গন্ডগোল করার চেষ্টা করে। আমি ঝাড়খণ্ডকেও ভালোবাসি। কিন্তু যারা উগ্রপন্থী তাদের আমি ভালোবাসি না। এটা মাথায় রাখবেন। ঝাড়খণ্ডের ভাই-বোন আমাদেরও ভাই-বোন। জঙ্গলমহল শান্তিতে আছে, আমরা চাই শান্তিতেই থাকুক।"
তিনি বলেন, "আমাদের ভুল বুঝবেন না। আমাদের ভুল হলে সেটা আমরা সংশোধন করে নেব। আমাদের থেকে দূরে সরে থাকবেন না। সাতবছরে আমরা যা উন্নয়ন করেছি তা কেউ করতে পারবে না। এই সরকার থাকলে তবেই ভালো হবে। উন্নয়ন হবে। অন্যরা মানুষের জন্য কাজ করে না।"
দেশের বিভিন্ন জায়গায় গোরক্ষার নামে পিটিয়ে মারার ঘটনা ঘটছে বলে অভিযোগ করে এসেছে বিরোধীরা। সম্প্রতি রাজস্থান ও হরিয়ানায় গোরক্ষার নামে দুজনকে পিটিয়ে মারা হয়েছে। এই বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "সারা দেশে দেখতে পাচ্ছেন তো কী চলছে। সারা দেশে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। পিটিয়ে মারা হচ্ছে। আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে। সংখালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এনকাউন্টারের নাম করে সাধারণ মানুষকে উত্তরপ্রদেশে খুন করা হচ্ছে। আমাদের রাজ্যে এই সব হয় না। আমাদের এখানে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে। প্রত্যেকের আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। প্রত্যেকের অধিকার আছে শান্তিতে, সুন্দরভাবে বাঁচবার।"

No comments:
Post a Comment