দু’সপ্তাহ আগে একদিনের সিরিজে ‘মাইক ড্রপ’ ভঙ্গি করেছিলেন জো রুট। বুধবার সেই রুটকেই রান আউট করে বিরাট কোহালির ‘মাইক ড্রপ’ ভঙ্গির ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। সরাসরি থ্রোয়ে রান আউট করার পর ভারত অধিনায়ক চুম্বনের ভঙ্গি করেন ইংল্যান্ড অধিনায়কের উদ্দেশে। করেন ‘মাইক ড্রপ’ ভঙ্গিও।
প্রথম টেস্টের প্রথম দিন রুটের রান আউট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ, চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে রুট ১০৪ রান যোগ করে ফেলেছিলেন। মনে হচ্ছিল, ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে চলেছে এই জুটি। কোহালির থ্রো রুটকে ফেরায় ৮০ রানে।
তার পরই ইংল্যান্ড ইনিংসে নামে ভাঙন। প্রথম দিনের শেষে ২৮৫ রানে নয় উইকেট পড়ে যায় রুটদের। বড় রান গড়ার সম্ভাবনায় পড়ে জল। একসময় তিন উইকেটে ২১৬ রান ছিল ইংল্যান্ডের। সেখান থেকে তিনশোও তোলা যায়নি বুধবার।
দিনের শেষে ইংল্যান্ডের ওপেনার কিয়েটন জেনিংসকে প্রশ্ন করা হয়েছিল রুটকে ফেরানোর পরে কোহালির ভঙ্গি নিয়ে। তিনি অবশ্য বিতর্কে জল ঢেলে দেন। বলেন, “প্রত্যেকেরই নিজের মতো করে সেলিব্রেট করার অধিকার রয়েছে। কোহলিও তাই করেছে।”

No comments:
Post a Comment