‘লোকে ভেবেছিল হারিয়ে যাব’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

‘লোকে ভেবেছিল হারিয়ে যাব’


বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। নিজের ব্যাটের জাদুতে সারা বিশ্বকে বশ করেছেন ভারতীয় অধিনায়ক। দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ড ব্যতীত বিশ্বের সব প্রান্তে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন, গড়েছেন নতুন সব ইতিহাস।
ইংলিশদের মাটিতে নিজের ব্যর্থতাপূর্ণ ইতিহাস ভুলে নতুন করে সফলতার কাব্য রচনা করতে দল নিয়ে ইংল্যান্ড সফরে বেরিয়েছেন কোহলি। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারার পর কোহলিদের মূল চ্যালেঞ্জ এখন ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
২০১৪ সালের এই টেস্ট সিরিজেই চূড়ান্ত ব্যর্থতার নমুনা দেখিয়েছিলেন ভারতের বর্তমান অধিনায়ক। ৫ ম্যাচের ১০ ইনিংসে মাত্র ১৩.৪০ গড়ে করেছিলেন ১৩৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস ছিলো মাত্র ৩৯ রানের। আসন্ন সিরিজে তাই কোহলির কাজটা সহজ হবে না বলেই মনে করছেন অনেকে।
তবে কোহলির মাথায় রয়েছে ভিন্ন চিন্তা। তরুণ বয়সে উদ্দাম জীবনযাপন ও উগ্র মনোভাবের কারণে সমালোচকদের তোপের মুখে বারবার পড়েছেন কোহলি। অনেকেই বলতেন, বেশি দূর যেতে পারবেন না কোহলি। কিন্তু সমালোচক-নিন্দুকদের মুখে চুনকালি দিয়ে কোহলি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার।
তাই তার ব্যাপারে লোকে কি ভাবে বা ভাবতো সেটি নিয়ে মাথাব্যথা নেই ভারতীয় অধিনায়কের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজের শুরুর দিককার ক্যারিয়ারের স্মৃতিচারণ করেন কোহলি। তখন লোকের ধারণা ছিল হাওয়ায় মিলিয়ে যাবেন তিনি, এমনটাই জানান কোহলি।
ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন অনেক অনেক মন্তব্য শুনতাম। মানুষ কিছু না দেখেই অনেক বেশি বিচার করে ফেলতো। তাদের ধারণা ছিল, আমি অল্পতেই হারিয়ে যাব। কিন্তু এখন বাস্তবতা দেখেন। আপনি যদি পরিশ্রম করেন, তাহলে আপনি হতাশ হবেন না। ক্রিকেট আপনার হাতের ট্যাটু, আপনার জীবনব্যবস্থা দেখে না। আপনার নিবেদন, আপনার পরিশ্রম দেখে।’
ক্যারিয়ারের শুরুর দিকে নিজের জীবনব্যবস্থা বা উগ্র মনোভাবের কারণে বারবার সমালোচনার স্বীকার হলেও বর্তমানে পরিস্থিতি বদলেছে বলে মনে করেন কোহলি। তাকে দেখে বর্তমান সময়ের তরুণ খেলোয়াড়রা শিখতে পারবে বলেই বিশ্বাস ভারতীয় দলপতির।
এ সময় জীবন যাপন বা খেলার বাইরের জীবনের সাথে খেলার মাঠের কোন সম্পর্ক নেই বলে জানান তিনি। কোহলি বলেন, ‘আপনার যদি ট্যাটু থাকে, কানে দুল পরেন বা চুলে নানান স্টাইল করে থাকেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার মানে এই না যে, আপনি থেমে যাবেন। বিষয়টা এমন না যে, আমার চুলে জেল থাকায়, হাতে ট্যাটু থাকায় এগুলো নষ্ট হওয়ার ভয়ে আমি ফিল্ডিংয়ে ডাইভ দেব না।’
নিজের জয়ের ক্ষুধার কথা জানাতে গিয়ে কোহলি বলেন, ‘আমার কাছে জেতাটা এক ধরনের নেশার মতো। এখন হয়ত আমি পরাজয়কে নিজের বাজে দিন হিসেবে মানতে শিখে নিয়েছি। কিন্তু শুরুতে হারলে আমি স্রেফ পাগল হয়ে যেতাম।’
এখন আর জয়ের জন্য পাগল না হয়ে বরং দলকে জেতানোর দায়িত্বটা নিজ কাঁধে নেয়া শুরু করেছেন কোহলি। তিনি বলেন, ‘আমি এখন বুঝতে শিখেছি যে আমি একাই কঠোর পরিশ্রম করলে হবে না বা একাই মাঠে বিশেষ কিছু করলে হবে না। আমাকে পুরো চিত্রটা দেখতে হবে। দলের জন্য, দেশের জন্য বিশেষ কিছু করার যে দায়িত্ব, সেটা পুরোপুরি পালন করতে হবে।’

No comments:

Post a Comment

Post Top Ad