মানুষের বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। দেখা যায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাও মানুষ মুহূর্তের মধ্যে ভুলে যায়। আর নতুন করে কিছু মনে রাখাতো দুরূহ।
কিন্তু চীনা নারী লি ইয়ানঝিকে এ ক্ষেত্রে ব্যতিক্রমই বলতে হবে। সানঝি প্রদেশের ৫১ বছর বয়সী এই নারী অসাধ্য সাধন করেছেন। অক্সফোর্ড ইংরেজি-চীনা অভিধান পুরোটা মুখস্থ করে ফেলেছেন তিনি। দুই হাজার ৪৫৮ পৃষ্ঠার অভিধানের দুই লাখ ২০ হাজার শব্দই যে কেবল তার আয়ত্ত তা নয়, তিনি সঠিকভাবে সব শব্দের অর্থও বলতে পারেন। লি পেশায় একজন শিক্ষিকা। জিয়ান ট্রান্সপোর্ট বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক অ্যান্ড ব্যাংকিং স্কুলের ফিনান্সিয়াল ইংলিশ বিষয়ের প্রভাষক তিনি। ২০ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর থেকে অটিস্টিক ছেলেকে নিয়ে সংগ্রামী জীবন তার। ছেলের বয়স এখন ২৬। তার সম্পূর্ণ দেখাশোনাই করতে হয় লিকে। নিজের ও ছেলের খরচ চালিয়ে নিতে তার এক চাকরির টাকায় চলছিল না। এমন অবস্থায় লি ডিকশনারি মুখস্থ করার মতো আপাত অসাধ্য কাজে আত্মনিয়োগ করেন। উদ্দেশ্য বেশি বেশি অনুবাদের কাজ পাওয়া। যাতে সন্তানকে নিয়ে আরেকটু ভালোভাবে থাকা যায়। যথা ভাবনা তথা কাজ।
২০১৩ সালের আগস্টে তিনি লেগে পড়েন ডিকশনারি মুখস্থ করার কাজে। প্রতিদিন রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত চালিয়ে যেতে থাকেন সাধনা। এ কাজে গতি আনতে তিনি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষার ৪৬৫টি ম্যাগাজিন ধার করেন। মাত্র ১৯ দিনে তিনি প্রথম পর্যয়ের মুখস্থ করার পর্ব শেষ করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদের কলেজ ইংলিশ টেস্ট ব্যান্ড ৬-এর জন্য ৬ হাজার শব্দ জানতে হয়। আর লি জানেন দুই লাখ ২০ হাজার শব্দ!

No comments:
Post a Comment