জীবনে চলার পথে আপনি কী নানা সমস্যায় জর্জরিত? অর্থ বা নারী থেকে শুরু করে আপনার জীবনের সকল সংকট দূর করবে নামহীন এক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সদস্য হলে আপনি তিন মাসেই হয়ে যেতে পারবেন কোটিপতি, এমন দাবি করেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
কোটিপতি হওয়ার সেই প্রতিষ্ঠানের কোনো ঠিকানা জানা না গেলেও ঢাকার লোকাল বাসগুলোতে সাঁটানো রয়েছে ‘কোটিপতি হওয়ার সুযোগ’ সংবলিত পোস্টার। জরুরি বিজ্ঞপ্তি নামে ছাপানো সেই পোস্টারে লেখা আছে, ‘জীবনে চলার পথে কী কী চান আপনি? চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না! আপনি যা চাইবেন আপনাকে তাই দেব আমরা। তিন মাসে আপনাকে কোটিপতি বানানো থেকে শুরু করে গাড়ি, বাড়ি, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, নেশা জাতীয় দ্রব্য, অবৈধ ব্যবসা, অবৈধ চাকরি কিংবা যেকোনো রাজনৈতিক দলের সহ-সভাপতি কিংবা সভাপতি বানানোর দায়িত্ব আমাদের।’
প্রতিষ্ঠানটির সঙ্গে চাকরি করে প্রতি মাসে ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে ওই পোস্টারে। এজন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭২৪০৮০৬৪৫ নম্বরে।
ওই নম্বরে ফোন করে পাওয়া যায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচালক মেহেরাজুল ইসলাম হাবিলকে। কোটিপতি বানানোর উপায় জানাতে গিয়ে তিনি বলেন, ‘ব্যবসা করলে তিনমাসে কোটি বানাতে পারলেও চাকরি করে কোটিপতি হতে বেশি সময় লাগবে।’
তিনি জানান, চাকরি কিংবা ব্যবসা যেটাই করুন, তার আগে আপনাকে আগে হতে হবে ওই প্রতিষ্ঠানের সদস্য। আর এজন্য প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বিকাশ কিংবা প্রতিষ্ঠানের সদস্যদের কাছে দিতে হবে এক হাজার টাকা। টাকা দেয়ার মাধ্যমেই শুরু হবে আপনার কোটিপতি বনে যাওয়ার পথ।
সদস্য হওয়ার আগে আপনি তাদের গুলশান কিংবা কলাবাগান শাখা কোনোটারই ঠিকানা জানতে পারবেন না।
এক হাজার টাকা প্রদানের মাধ্যমে আপনি যখন সদস্য হবেন, তারপর থেকে প্রার্থীর ইচ্ছে অনুযায়ী প্রতিষ্ঠানটি কাজ করবে। এমন-কি যৌন চাহিদাও পূরণ করবে তারা। ‘কিন্তু এটা কীভাবে করবেন’ এমন প্রশ্নে মেহেরাজুল ইসলাম আশ্বাস দেন, প্রতিষ্ঠানের নারী ও পুরুষ সদস্যদের মধ্যে যৌন সম্পর্ক করিয়ে দেওয়ার মতো সুযোগও করে দিবেন। এসব নিয়ে চিন্তা না করে সদস্য হওয়ার তাগাদা দেন তিনি।

No comments:
Post a Comment