ছবি বিভাস লোধ
কলকাতা, ১৪ সেপ্টেম্বর : মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় পূর্ত দপ্তরের যে দায় রয়েছে সেকথা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে বলেন, "এটা দীর্ঘদিনের ব্রিজ। পূর্ত দপ্তরের গাফিলতি ছিল। পূর্ত দপ্তর তার দায় এড়াতে পারে না। ব্রিজ যখন খারাপ ছিল সেই সময় পূর্ত দপ্তরের কিছু করা উচিত ছিল।"
শুরু থেকে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার কারণ হিসেবে মেট্রোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ আরও একবার সেকথা বললেন। তাঁর মতে, এই দুর্ঘটনার একটা অন্যতম কারণ মেট্রোর ভাইব্রেশন। এছাড়া আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব চালু করে দেওয়া হবে মাঝেরহাট ব্রিজ। পুজোর আগেই ব্রিজ চালু করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান।
আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, পুরোনো ব্রিজ গোটাটা ভেঙে নতুন করে বানানো হবে। এক বছরের মধ্যে শেষ করা হবে নতুন ব্র্রিজ তৈরির কাজ। উচ্চমানের ইঞ্জিনিয়রদের দিয়ে ব্রিজের দেখভাল করা হবে। শুধু মাঝেরহাট ব্রিজই নয়, দেখভাল করা হবে অন্য ব্রিজগুলিরও। নতুন ব্রিজ তৈরির ক্ষেত্রে রেলের সহায়তা চাওয়া হবে। কোনও প্রয়োজনে রেল যাতে সাহায্য করে সেবিষয়ে আবেদন জানিয়ে চিঠি পাঠাবে রাজ্য সরকার। এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গতকাল এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মেয়র, পুলিশ কমিশনার। জাভেদকে পাঠিয়েছিলাম রাস্তা বড় করার জন্য পরিস্থিতি দেখে আসতে। আমি নিজে পূর্ব রেলের জেনেরাল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। লেভেল ক্রসিং তৈরি করতে বলা হয়েছে। লেভেল ক্রসিংয়ে একজন লোক নিয়োগ করতে বলা হয়েছে। আমরা টাকা দেব সেই লোকটিকে।" এক মাসের মধ্যে ব্রিজ দুর্ঘটনার ফাইনাল রিপোর্ট জমা পড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্রিজ দুর্ঘটনার জন্য যারা দায়ি তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

No comments:
Post a Comment