যৌন হয়রাণীর অভিযোগে পদ হারিয়েছেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ব্রুকস নিউমার্ক। এক নারী সাংবাদিকের মোবাইলে আপত্তিকর ছবি পাঠানোর ঘটনায় সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ব্রিটেনের মন্ত্রিসভার প্রভাবশালী এ সদস্য।
গত সোমবার এই ঘটনায় পদত্যাগ পত্র জমা দেন পাঁচ সন্তানের পিতা নিউমার্ক। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমি আসলে একটা আস্ত বোকা।' নিউমার্ক তার দলের মধ্যে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য ওমেন টুইন নামে একটি প্রচারাভিযান চালাচ্ছিলেন। তারই অংশ হিসেবে বিভিন্ন নারীর সঙ্গে তিনি যোগাযোগ করতেন।
যে সাংবাদিককে ছবি পাঠানোর ঘটনায় তিনি ফেঁসে যান, ওই সাংবাদিক পরিচয় গোপন করে তার দলের কর্মী হিসেবে তার সঙ্গে স্যোশাল নেটওয়ার্কিং সাইটে চ্যাট করছিল। গভীর রাতের সেই চ্যাটে ওই সাংবাদিক তাকে একটু খোলামেলা ছবি পাঠাতে থাকেন। তিনিও উল্টো তাকে একই রকম ছবি পাঠাতে থাকেন। এভাবে উভয়ের মধ্যে চ্যাটে আপত্তিকর ছবি লেনদেনের বিষয়টি ওই সাংবাদিক পরবর্তী সময়ে প্রকাশ করে দিলে নিউমার্ক পদত্যাগের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, সামাজিক গণমাধ্যমগুলিতে ব্রিটিশ এমপিদের আপত্তিকর কর্মকাণ্ড করার বেশ কিছু অভিযোগ রয়েছে। ওই সাংবাদিক এই বিষয়টিকে ফের সামনে আনতেই ময়দানে নেমেছিলেন বলে জানা গেছে। আর এক্ষেত্রে প্রথমবারেই এক মন্ত্রীকে কুপোকাত করলেন বলে ওই সাংবাদিক জানিয়েছেন।

No comments:
Post a Comment