নিজের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘লাভরাত্রি’র মাধ্যমে ভগ্নিপতি আয়ুষ শর্মাকে (অর্পিতা খান শর্মার স্বামী) বলিউডে আনছেন সালমান খান। নবাগতা ওয়ারিনা হোসেনের বিপরীতে দেখা যাবে আয়ুষ শর্মাকে।
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, আয়ুষ শর্মাকে বলিউডে লঞ্চ করানোর আগে আয়ুষের বিপরীতে তার প্রযোজনা সংস্থার প্রথম ছবিতে অভিনয় করার জন্য নায়িকা খুঁজে পাচ্ছিলেন না সালমান। ‘লাভরাত্রি’ ছবিতে আয়ুষের বিপরীতে অভিনয় করার জন্য প্রথমে জাহ্নবী কাপুর, সারা আলি খান সহ অনেককেই প্রস্তাব দেন সালমান। তবে তারা কেউই রাজি হননি। এমনকি এও শোনা যায় আয়ুষের সঙ্গে অভিনয়ের জন্য ক্যাটরিনা কাইফকেও প্রস্তাব দেওয়া হয়। তবে সালমান, অর্পিতার ঘনিষ্ঠ সেই ক্যাটও নতুন অভিনেতা আয়ুষের বিপরীতে অভিনয় করতে রাজি হননি।
তবে এখন জানা যাচ্ছে শুধু ক্যাটরিনাই নন, আয়ুষ নিজেও ক্যাটের সঙ্গে অভিনয় করতে অস্বস্তি বোধ করছিলেন। সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’তে আয়ুষ নিজেই তার অস্বস্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ক্যাটরিনার সঙ্গে অভিনয় করতে আমার অস্বস্তি হওয়াটা খুব স্বাভাবিক।’ আর আয়ুষের এই কথা থেকেই বুঝে নিতে অসুবিধা হয় না যে সালমানের সঙ্গে ক্যটরিনার বিশেষ সম্পর্কের কারণেই তিনি তার সঙ্গে অভিনয় করতে অস্বস্তি বোধ করছিলেন।
প্রসঙ্গত, বি-টাউনে সালমান-ক্যাটরিনা প্রেমের কথা প্রায় সকলেরই জানা। যদিও মাঝে রণবীর কাপুরের সঙ্গে ক্যাট সম্পর্কে জড়ানোয় সালমানের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। তবে পরবর্তীকালে রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক টেকেনি। আজকাল ফের সালমানের আশেপাশেই ঘোরাফেরা করতে দেখা যায় ক্যটকে। এমনকি সালমানের বোন অর্পিতা ও তার পরিবারের সঙ্গেও ক্যাটের সম্পর্ক বেশ ভালো। তাই অর্পিতার বর অর্থাৎ সালমানের ভগ্নিপতি আয়ুষের সঙ্গে তার অভিনয় করতে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক নয় কি?

No comments:
Post a Comment